রাজ্যের খবর

সিপিএমের সন্ত্রাসের কথা মমতার মুখে, মেমারির সভায় বাম-সন্ত্রাস নিয়ে সরব

Mamata Banerjee at the election meeting in Burdwan's Memari

The Truth of Bengal: লাগাতার নিশানা করে যাচ্ছেন বিজেপিকে। এবার একসময়ের লালদুর্গ বর্ধমানে দাঁড়িয়ে নিশানা করলেন সিপিএমকে। মেমারিতে নির্বাচনী সভায়  বাম আমলের সন্ত্রাসের কথা তুলে ধরেন। সেই সময় এখানে কী কী হয়েছে তা তুলে মমতা বলেন, সিপিএম দল যে কী সাংঘাতিক ছিল কল্পনা করতে পারবেন না।‘ এক সময় বামেদের দুর্গ হিসেবে পরিচিত ছিল বর্ধমান। বৃহস্পতিবার সেই বর্ধমানের মেমারিতে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এল বাম আমলের কথা। সরব হলেন, সিপিএমের অত্যাচারের প্রসঙ্গ তুলে। এদিন পূর্ব বর্ধমানের মেমারির গন্তার ফুটবল মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী। গরম উপেক্ষা করে সভায় ভিড় হয়েছিল ভালই। নানা ইস্যুতে বিজেপিকে আক্রমণ করে সভার শুরুতে। আবারও মমতার মুখে আসে কেন্দ্রের বঞ্চনার কথা।

সভার শেষে দিকে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলে সিপিএমকে নিশানা বাম আমলের সন্ত্রাসের কথা তুলে ধরেন। মমতা বলেন, ‘মেমারিতে আসলেই আমার করেন্দার কথা মনে পড়ে। আমি তখন ছাত্র রাজনীতি করতাম, একবার করেন্দা গ্রামে এসেছিলাম। আপনাদের মনে পড়ে, সিপিএম চারজনকে হত্যা করেছিল, একটা বাচ্চাকে হত্যা করে মুড়ির টিনের মধ্যে ভরে দিয়েছিল। এই সিপিএম দল যে কী সাংঘাতিক ছিল কল্পনা করতে পারবেন না।‘ এদিন বাম-কংগ্রেস-বিজেপিকে এদিন ফের একযোগে আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, ‘এখন সিপিএম কংগ্রেসের সঙ্গে এক হয়েছে। আর বিজেপি তো বাজপাখি। বাজপাখির দু’টো চোখ একটা সিপিএম অন্যটা কংগ্রেস।

একটিও ভোট নষ্ট না করার আবেদন জানিয়ে মমতা আরও বলেন, ‘বাংলায় কোনও জোট নেই, দেশকে বাঁচাতে আমি ইন্ডিয়া জোট গড়েছি। তবে বাংলায় কোনও জোট নেই। এখানে বিজেপি-সিপিএম-কংগ্রেস সব এক।‘ আগের মতো এদিন মেমারির সভায় কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন খাতে রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র, সেই খতিয়ান তুলে ধরেন তিনি। পাশাপাশি কেন্দ্র টাকা না দেওয়ায় থমকে যাওয়া প্রকল্পগুলি কী ভাবে রাজ্যের টাকায় চালু রাখা হয়েছে তা বলেন। উপস্থিত জনতার কাছে ইভিএম-এ কেন্দ্রের এই বঞ্চনার জবাব দেওয়ার দাবি জানান তৃণমূল সুপ্রিমো।

Related Articles