কলকাতা

ভোটার তালিকা মামলার ট্রাইবুনাল থেকে ইস্তফা প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানমের! নেপথ্যে কী কারণ?

১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠিত এই প্যানেলে অন্যতম সদস্য ছিলেন বিচারপতি শিবজ্ঞানম।

Truth of Bengal: রাজ্যের ভোটার তালিকায় নাম বাদ যাওয়া ব্যক্তিদের আবেদন নিষ্পত্তির জন্য গঠিত ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ব্যক্তিগত কারণ দর্শিয়ে তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এই বিশেষ ট্রাইবুনাল এবং সংশ্লিষ্ট কমিটিতে প্রাক্তন প্রধান বিচারপতির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল, তাঁদের পুনর্বিবেচনার সুযোগ দিতেই শীর্ষ আদালত এই ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল। ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে গঠিত এই প্যানেলে অন্যতম সদস্য ছিলেন বিচারপতি শিবজ্ঞানম।

জোকায় ডায়মন্ড হারবার রোডের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন’ ভবনে এই ট্রাইবুনালের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছিল। সেখানে নিয়মিত আপিল শুনানি প্রক্রিয়া চালাচ্ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। তাঁর এজলাসে যে সকল ভোটারদের আবেদন মঞ্জুর হয়েছে, তাঁরা ভোট দেওয়ার আইনি অধিকার ফিরে পেয়েছেন।আবেদন নিষ্পত্তির পদ্ধতি নির্ধারণের জন্য হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তিন সদস্যের যে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছিলেন, তাতেও ছিলেন বিচারপতি শিবজ্ঞানম। তাঁর সঙ্গে ওই কমিটিতে যুক্ত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপ্ত রায় এবং অবসরপ্রাপ্ত বিচারপতি প্রণবকুমার দেব।

উল্লেখ্য, সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, প্রথম দফার ভোটের আগে ২১ এপ্রিলের মধ্যে যাঁদের আবেদন স্বীকৃতি পাবে, তাঁদের নাম চূড়ান্ত তালিকায় নথিভুক্ত করা হবে। পরবর্তী দফার ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ করা হয়েছিল। এই স্পর্শকাতর প্রক্রিয়ার মাঝপথেই প্রাক্তন প্রধান বিচারপতির ইস্তফা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Related Articles