ফের মালদা! ধারাল অস্ত্রের কোপে খুন টোটো চালক
Malda again! Toto driver murdered with sharp weapon

Truth Of Bengal: ভাড়া নিয়ে গন্ডগোলের জেরে পুলিশ ফাঁড়ির অদূরেই হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হল টোটো চালককে। মঙ্গলবার রাত্রে মালদার ইংলিশ বাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে। জানা গেছে, মৃত টোটো চালকের নাম কাজল ঘোষ। বাড়ি রামকেলির বারোদুয়ারি এলাকায়।
ঘটনার দিন রাত্রে বেলবাড়ি ঘাট শ্মশানে কাজল ঘোষ তার টোটোতে করে যাত্রী নিয়ে যায়। যাত্রী নামানোর পর স্বাভাবিক নিয়মে সে তার ভাড়া চায়। কিন্তু এর ফলেই বাঁধে গন্ডোগোল। অভিযোগ, ভাড়া দিতে অস্বীকার করার পর এই নিয়ে গন্ডগোল শুরু করে মদ্যপ শ্যামল মন্ডল ও বিমল মন্ডল নামক দুই যাত্রী।
ঠিক সেই সময় অভিযুক্ত দুজন ধারালো হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপ মারে ওই টোটো চালককে। স্থানীরা বুঝতে পেরে টোটো চালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেসময় কর্তব্যরত চিকিৎসকরা কাজল ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শ্যামল মন্ডল, বিমল মন্ডল-সহ বেশ কয়েকজনের নামে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।





