কলকাতারাজ্যের খবর

রাত কাটলেই মাধ্যমিকের ফলাফল, জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন রেজাল্ট?

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা ও ফলাফল ঘোষণা করবেন।

Truth of Bengal: ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। শুক্রবার সকালেই প্রকাশিত হতে যাচ্ছে এ বছরের মাধ্যমিকের ফলাফল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা ও ফলাফল ঘোষণা করবেন।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পর্ষদ জানিয়েছে, এ বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে ফলপ্রকাশের প্রক্রিয়া শুরু হবে। পর্ষদ সভাপতির ঘোষণার পর পরীক্ষার্থীরা ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পাবে। অন্যদিকে, সকাল ১০টা ৩০ মিনিট থেকে নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলো থেকে স্কুল কর্তৃপক্ষের হাতে মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে।

অনলাইনে ফলাফল দেখার পদ্ধতি:

১. পরীক্ষার্থীদের প্রথমে পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট www.wbbsedata.com অথবা www.wbbse.wb.gov.in-এ প্রবেশ করতে হবে।

২. ওয়েবসাইটের হোমপেজে গিয়ে ‘রেজাল্ট’ (Result) লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. এরপর নির্ধারিত স্থানে নিজের রোল নম্বর এবং জন্মতারিখ সঠিকভাবে দিলেই ফলাফল স্ক্রিনে ফুটে উঠবে।

৪. ভবিষ্যতের প্রয়োজনে রেজাল্টটি ডাউনলোড করে একটি প্রিন্ট আউট নিয়ে রাখা ভালো।

ফলাফল প্রকাশের এই সময়ে পরীক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই উৎকণ্ঠা কাজ করে। তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, অতিরিক্ত মানসিক চাপ না নিয়ে সুস্থ ও স্বাভাবিক থাকা জরুরি। পর্ষদ ও শিক্ষা মহলের মতে, এই মুহূর্তটি কেবল একটি পরীক্ষার ফল নয়, বরং আগামী দিনে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করার সঠিক সময়। পছন্দের বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য স্থির করাই এখন প্রধান কাজ হওয়া উচিত।

Related Articles