Luminous Club Durga Puja: শান্তির বার্তা নিয়ে এ বছর প্যাগোডা থিমে লুমিনাস ক্লাব, কল্যাণীর এই পুজোয় উপচে পড়া ভিড়
এ বছর ৩৩তম বর্ষে পা দেওয়া লুমিনাস ক্লাবের এবারের থিম হল মায়ানমারের বিখ্যাত প্যাগোডা।
মাধব দেবনাথ,নদিয়া: দুর্গাপুজোর মরশুমে নদিয়ার কল্যাণী এখন উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শহরের একাধিক বড় পুজো মণ্ডপ আকর্ষণ করছে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের। এরই মধ্যে বিশেষ নজর কেড়েছে কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব, যাদের পুজো প্রতি বছরই নতুন চমক নিয়ে আসে। রবিবার মুখ্যমন্ত্রী নিজেই ভার্চুয়ালি এই মণ্ডপের উদ্বোধন করেছেন (Luminous Club Durga Puja)।
আরও পড়ুনঃ সন্ত্রাসবাদীদের পুরস্কৃত করছে, প্যালেস্টাইনকে সভেরেন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় ক্ষুব্ধ নেতানিয়াহু
এ বছর ৩৩তম বর্ষে পা দেওয়া লুমিনাস ক্লাবের এবারের থিম হল মায়ানমারের বিখ্যাত প্যাগোডা। সম্পূর্ণ সাদা রঙের এই মণ্ডপটি বিশ্বের শান্তির বার্তা বহন করছে। গত বছরগুলিতে তারা মন্দির, গির্জা, বা টাওয়ারের মতো বিভিন্ন আকর্ষণীয় থিম তৈরি করে দর্শনার্থীদের মন জয় করেছিল। এবারও তারা অতীতের সব রেকর্ড ভাঙবে বলে আশা করছে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পীরা। প্রতিমার সৌন্দর্যকে নতুন মাত্রা দিতে তাতে ব্যবহার করা হয়েছে প্রায় ৮০ কেজি সোনা। উদ্যোক্তাদের বিশ্বাস, এই আকর্ষণ এবারের পুজোয় দর্শনার্থীদের ভিড় বহু গুণে বাড়িয়ে দেবে (Luminous Club Durga Puja)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে মণ্ডপে। ভিড় সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত ভিড় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এর জন্য পুলিশ প্রশাসন এবং পুজো কমিটি উভয়ের তরফেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধও জারি করা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও অত্যাধুনিক সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও, অত্যাধুনিক আলোকসজ্জা এই মণ্ডপের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে (Luminous Club Durga Puja)।






