কলকাতারাজ্যের খবর

ফের দুর্যোগের ছায়া! কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা

প্রভাব পড়বে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই জেলাতেই।

Truth Of Bengal: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দ্রুত শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হওয়া অফিসের। কলকাতা ও হাওড়ায় জারি হয়েছে কমলা সতর্কতা। শুক্রবার সকালে ওড়িশার উপকূলে স্থলভাগে ঢুকবে এই অতি গভীর নিম্নচাপ। যার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই জেলাতেই।

দশমীতে উমার বিদায়লগ্নে ফের দুর্যোগ। সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝেই ঝরছে বৃষ্টি। সেই বৃষ্টিই ইঙ্গিত দিচ্ছে সামনে আরও বড় দুর্যোগের। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বৃহস্পতিবারই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। যার জেরে রাজ্যে শুরু টানা ঝড়বৃষ্টি। কলকাতা ও হাওড়ায় ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা।

ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। ফলে আজ ও আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি। শুক্রবার সকালে এই অতি গভীর নিম্নচাপটি ওড়িশার গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে বলে জানা যায়। পুরীর কাছাকাছি অঞ্চল দিয়েই ঢোকার সম্ভাবনা রয়েছে বেশি।

এরপর তার সরাসরি প্রভাব পড়বে পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে—পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় হতে পারে ভারী বৃষ্টি। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও দুর্যোগের প্রভাব তীব্র হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলেও আশঙ্কা। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজায় থাকবে এই প্রবল দুর্যোগ। সোমবার থেকে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির দাপট।

Related Articles