আবারও ভাঙনের কবলে কপিলমুনি আশ্রম, চিন্তিত কর্তৃপক্ষ
Kapilmuni Ashram again hit by erosion, authorities worried
Truth Of Bengal: আবারও ভাঙনের কবলে কপিলমুনি আশ্রমের সামনের সাগর পাড়। সাগরের বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে কপিলমুনি আশ্রমের সামনের সমুদ্র বাঁধে। নতুন করে ভাঙছে ২ থেকে ৪ নম্বর স্নানঘাটের রাস্তা। একের পর এক ভাঙনে বিপন্ন কপিলমুনি আশ্রমের অস্তিত্ব।
একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাঙন বিধ্বস্ত গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনের সাগরপাড়। কোনক্রমে আপৎকালীন মেরামত করেই ২০২৫ গঙ্গাসাগর মেলা শেষ করেছে রাজ্য সরকার। তবে ভয়াবহ ভাঙনের জেরে বন্ধ রাখতে হয়েছিল ২ থেকে ৪ নম্বর স্নান ঘাট পর্যন্ত পুণ্যস্নান। ফলে ১, ৪, ৫, এবং ৬ নম্বর ঘাটে স্নান সেরে বহুপথ অতিক্রম করে কপিলমুনি মন্দিরে পৌঁছতে হয়েছিল পুণ্যার্থীদের। এবার আবারো সাগরের উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনের ২ থেকে ৪ নম্বর স্নান ঘাট।
ভাঙনের কবলে ক্রমেই কমছে কপিলমুনি আশ্রম থেকে সমুদ্রের দূরত্ব। সামনেই রয়েছে দুর্যোগের মরশুম, ফলে কপিলমুনি আশ্রম রক্ষা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তীর্থযাত্রীরা। দ্রুত স্থায়ী মেরামতের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। অন্যদিকে বরাবরের মতো গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমের সামনে সমুদ্রবাঁধ ভাঙন নিয়ে শুরু রাজনৈতিক তর্জা।






