নন্দীগ্রামে বিজেপিকে হারিয়ে জয়জয়কার তৃণমূলের, রানিচক সমবায় দখল করল তৃণমূল
জয় নিশ্চিত হতেই তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ে।
Truth Of Bengal: নন্দীগ্রামে ফের সমবায় নির্বাচনে বড় সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। রবিবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রানিচক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৪৫টি আসনের মধ্যে ২৭টি আসনে জয়ী হয়েছে শাসকদলের প্রার্থীরা। বিজেপি পেয়েছে ১৮টি আসন। ফল প্রকাশ হতেই সবুজ আবির খেলায় মেতে ওঠেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।
বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে এই জয় তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রে দাবি, এই ফলাফল আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল নেতা-কর্মীদের মনোবল অনেকটাই বাড়াবে।
রবিবার সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ। অশান্তি এড়াতে গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখযোগ্য বিষয়, রানিচক সমবায় সমিতির ৪৫টি আসনের মধ্যে পাঁচটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল। বিজেপি প্রার্থী দেয় ৪০টি আসনে।
ভোট গণনা শেষে দেখা যায়, তৃণমূল কংগ্রেস মোট ২৭টি আসনে জয়ী হয়েছে, আর বিজেপি পেয়েছে ১৮টি আসন। জয় নিশ্চিত হতেই তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ে।
উল্লেখ্য, এর আগেও নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ১২-০ ব্যবধানে নিরঙ্কুশ জয় পেয়েছিল। সেখানে বিজেপি একটি আসনও জিততে পারেনি। শুধু নন্দীগ্রাম নয়, ভগবানপুর ১ ব্লকের কাজলাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজলাগড় বীরাঙ্গনা মাতঙ্গিনী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনেও দাপট দেখিয়েছে তৃণমূল। মোট ২১টি আসনের মধ্যে ১৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং চারটি আসনে বিপুল ভোটে জয় পেয়েছে শাসকদল।
সব মিলিয়ে একের পর এক সমবায় নির্বাচনের ফলাফল নন্দীগ্রাম ও আশপাশের এলাকায় তৃণমূলের সংগঠন যে শক্তিশালী হচ্ছে, তারই ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।






