রাজ্যের খবর

অজানা জন্তুর পায়ের ছাপ, গড়বেতা জুড়ে চাঞ্চল্য

খবর পেয়ে রূপনারায়ণ ফরেস্ট ডিভিশনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পায়ের ছাপ পরীক্ষা করেন ও ছবি তুলে বিশেষজ্ঞদের কাছে পাঠান।

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বাঁকুড়ার বিষ্ণুপুরে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক পূর্ণবয়স্ক লেপার্ডের। আর সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় জঙ্গল সংলগ্ন কৃষিজমিতে অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের রাস্তায় একটি লেপার্ডকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক তদন্তে বনদপ্তরের অনুমান, রাস্তা পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়েছে বন্যপ্রাণীটির। ঘটনার পরেই বিষ্ণুপুরের বনাঞ্চলে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়।

অন্যদিকে, প্রায় একই সময়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বোষ্টমমোড় এলাকায় জঙ্গল সংলগ্ন মাঠে বড়সড় পায়ের ছাপ দেখে আতঙ্কিত হন গ্রামবাসীরা। তাঁদের দাবি, এটি বাঘ বা লেপার্ডের পায়ের ছাপ হতে পারে। খবর পেয়ে রূপনারায়ণ ফরেস্ট ডিভিশনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পায়ের ছাপ পরীক্ষা করেন ও ছবি তুলে বিশেষজ্ঞদের কাছে পাঠান।রূপনারায়ণ ডিভিশনের ডিএফও শিবানন্দ রাম জানান, আমরা পায়ের ছাপ পরীক্ষা করেছি, ছবিও তুলেছি। বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।

রিপোর্ট আসলেই নিশ্চিতভাবে বলা যাবে এটি কোন প্রাণীর ছাপ।তিনি আরও বলেন,যেহেতু গড়বেতার জঙ্গলের সঙ্গে পাঞ্চেত ডিভিশনের বিষ্ণুপুরের জঙ্গলের যোগ রয়েছে, তাই এটা লেপার্ড বা বাঘের ছাপ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিষ্ণুপুরের ঘটনার পর আমরা আর কোনও ঝুঁকি নিতে চাই না।বনদফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই ওই এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসানো শুরু হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, সম্প্রতি পুরুলিয়ার জঙ্গলেও ট্র্যাপ ক্যামেরায় লেপার্ডের ছবি ধরা পড়েছিল। তবে, বিষ্ণুপুরের জঙ্গলে লেপার্ডের উপস্থিতি সম্পর্কে বনদপ্তরের কোনও স্পষ্ট ধারণা ছিল না। ফলে এই ঘটনার পর বনদপ্তরের নজরদারি ও সতর্কতা নিয়েই প্রশ্ন তুলছেন পরিবেশপ্রেমীরা।

Related Articles