Child Marriage: “১৮’র নিচে বিয়ে মানে অপরাধ”—পূর্বস্থলীতে থানা চত্বরে সচেতনতামূলক সভা
স্থানীয় মন্দিরের পুরোহিত সহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক নেতৃত্বদানকারী ব্যক্তিদের নিয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: পূর্বস্থলী থানার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয় পূর্বস্থলী থানার সভাকক্ষে। পূর্বস্থলী থানা এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় মন্দিরের পুরোহিত সহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক নেতৃত্বদানকারী ব্যক্তিদের নিয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।এই সভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী ২ ব্লকের বিডিও পৌষালী চক্রবর্তী, পূর্বস্থলী থানার ভারপ্রাপ্ত আইসি প্রসেনজিৎ চ্যাটার্জী, সহ আরো অনেকে (Child Marriage)।
আলোচনা সভায় বাল্যবিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক কুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, অপ্রাপ্তবয়স্ক বয়সে বিবাহ কেবলমাত্র একটি শিশুর ভবিষ্যত নষ্ট করে না, পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নের পথেও বড় অন্তরায় সৃষ্টি করে। নাবালিকা অবস্থায় গর্ভধারণের কারণে অনেক সময় মা ও সন্তানের জীবন ঝুঁকির মুখে পড়ে। এছাড়াও পড়াশোনার অভাবে অর্থনৈতিকভাবে স্বনির্ভরতা অর্জনের পথ বন্ধ হয়ে যায়। বিডিও পৌষালী চক্রবর্তী তাঁর বক্তব্যে বলেন, “বাল্যবিবাহ বন্ধ করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে একটি বড় ভূমিকা নিতে পারেন। তাঁরা যদি মসজিদ বা মন্দির থেকে বার্তা দেন যে বাল্যবিবাহ একটি অপরাধ, তাহলে সাধারণ মানুষ অনেক বেশি সচেতন হবেন (Child Marriage)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
থানার আইসি প্রসেনজিৎ চ্যাটার্জী বলেন, “আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কোনো মেয়ের এবং ২১ বছরের নিচে কোনো ছেলের বিয়ে আইনত অবৈধ। কেউ এই নিয়ম ভাঙলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু আইন দিয়ে নয়, সচেতনতার মাধ্যমেই এই সমস্যা নির্মূল সম্ভব।”সভায় উপস্থিত ইমাম ও পুরোহিতরা প্রতিশ্রুতি দেন যে, তাঁরা সমাজে বাল্যবিবাহ রোধে সক্রিয় ভূমিকা নেবেন এবং ধর্মীয় ক্ষেত্র থেকে সচেতনতামূলক বার্তা প্রচার করবেন।এই আলোচনা সভা বাল্যবিবাহ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়…..(Child Marriage)






