রাজ্যের খবর

ফের স্থানীয়দের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও, চাঞ্চল্য বিত্তিবাড়ি এলাকায়

Truth Of Bengal: সোমবারের ঘটনার পুনরাবৃত্তি মঙ্গলবারে। ফের স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। নিজের বিধানসভার বিত্তিবাড়ি এলাকায় ত্রাণ দিতে গিয়ে তিনি শিকার হলেন স্থানীয়দের ক্রোধের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাশাপাশি, শুরু হয় রাজনৈতিক তরজাও। গেরুয়া শিবিরের তরফ থেকে অভিযোগের আঙ্গুল তোলা হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও ঘাসফুল শিবির তা অস্বীকার করেছে।

জানা গিয়েছে, মনোজ ওঁরাও এদিন ত্রান নিয়ে গিয়েছিলেন বিত্তিবাড়ি এলাকায়। কিন্তু তাঁকে দেখেই ক্ষুব্ধ স্থানীয়রা বিক্ষোভ দেখান। বিধায়কের উদ্দেশ্যে তোলা হয় ‘গো ব্যক’ স্লোগান। নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী স্থানীয়দের মারধর করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। মনোজ ওঁরাও নিজেও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, বিজেপি কর্মীদের গাড়িও ভাঙচুর করা হয়েছে এবং কোনরকমে সেখান থেকে তাঁরা পালিয়েছেন বলে দাবি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি বিধায়ক ও দলীয় কর্মীদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কামাখ্যাগুড়ি ব্লক হাসপাতালে বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসকে এই ঘটনার জন্য দায়ী করা হলে দল জানায় যে রাগ প্রকাশ করেছে সাধারণ মানুষ।

প্রসঙ্গত, এই মুহূর্তে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়া নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসকে ঘটনার জন্য দায়ী করেছে বিজেপি। যদিও তারাও পাল্টা দেয় গেরুয়া শিবিরকে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন যে এমন কাজ একেবারেই সমর্থনযোগ্য নয় এবং সকলকে রাজনীতি ভুলে এক হয়ে পরিস্থিতি মোকাবিলা করার বার্তা দেন। শুধু তাই নয়, আহত খগেন মুর্মুর সঙ্গেও তিনি হাসপাতালে দেখা করেছেন এবং এরপর সাংবাদিকদের মুখোমুখি হয় যাবতীয় সবকিছু জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে কবে খগেন মুর্মু ডায়াবেটিক ও তাঁর কানের নিচে লেগেছে এবং তাঁকে দ্রুত সুস্থ হয়ে উঠতে বলেছেন।