রাজ্যের খবর

বারুইপুরে নওসাদের সভা ঘিরে উত্তেজনা! পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিধায়কের

Truth Of Bengal: রেবতি মালি, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকীর সভাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বারুইপুর। গত ১৪ এপ্রিল সোনপুর বাজারে ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভার আগেই বাসন্তী হাইওয়েতে পুলিশ ও আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে বচসা বাধে। অভিযোগ, কলকাতায় ওয়াকফ আন্দোলনে যোগ দিতে যাওয়া কর্মীদের আটকে দেয় পুলিশ। এর জেরে শুরু হয় রাস্তা অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

বিকেলে সোনপুরের সভাস্থলে ঢোকার মুখে আইএসএফ কর্মীদের আটকানোর চেষ্টা হলে ফের উত্তেজনা ছড়ায়। উত্তর কাশিপুর থানার অভিযোগ, আইএসএফ কর্মীরা পুলিশের উপর হামলা চালায়, কয়েকজনকে মারধর করে, বাইকে আগুন লাগায় ও গাড়ি ভাঙচুর করে। ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার  ইপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন ওই ২৫ জন। জেল গেটে তাঁদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি অভিযোগ করেন, “এই সব মিথ্যা মামলা। শাসক দলের নির্দেশেই পুলিশ আমাদের কর্মীদের ফাঁসিয়েছে।”

সিদ্দিকীর দাবি, পুলিশ কোনও প্রমাণ দেখাতে পারেনি যে তাঁর দলের কেউ পুলিশের গাড়ি পুড়িয়েছে। তিনি আরও বলেন, “জেলে থাকা অবস্থায় কর্মীদের উপর অমানবিক অত্যাচার হয়েছে। রাজ্যের জেলগুলোর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। আমি বিধানসভায় মুখ্যমন্ত্রীর সামনে এই বিষয় তুলব।”

আইএসএফ কর্মীদের বক্তব্য, তাঁদের সম্পূর্ণভাবে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, তাঁরা ন্যায়বিচার চান।

Related Articles