সেভক কালী মন্দিরের কাছে ভয়াবহ ধস! ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক
১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে রাস্তার দু’দিকে তৈরি হয়েছে শত শত যানবাহনের দীর্ঘ লাইন।
Truth of Bengal: টানা প্রবল বর্ষণের জেরে ফের বড়সড় বিপর্যয় নেমে এল উত্তরবঙ্গে। পাহাড় থেকে নামা ভয়ঙ্কর ভূমিধসের কারণে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে শিলিগুড়ি এবং সিকিমের যোগাযোগের অন্যতম ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে সেভকের কালী মন্দিরের কাছে আচমকাই পাহাড় থেকে বিশাল আকারের পাথর ও মাটি গড়িয়ে পড়ে। যার ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের গ্যাংটকে সোজা পথে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।
১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে রাস্তার দু’দিকে তৈরি হয়েছে শত শত যানবাহনের দীর্ঘ লাইন। তীব্র যানজটের জেরে চরম নাকাল দশা হয়েছে সাধারণ পথচারী ও কয়েক হাজার পর্যটকের। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় জেসিবি দিয়ে রাস্তা থেকে ভারী পাথর ও মাটি সরানোর কাজ শুরু হয়েছে। তবে রাস্তা মারাত্মক বিপজ্জনক রূপ নেওয়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।
যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দার্জিলিং জেলা পুলিশের তরফে বিকল্প রুটের নির্দেশিকা জারি করা হয়েছে। ছোট গাড়িগুলোকে গজলডোবা-করোনেশন সেতু-মংপং রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, সুরক্ষার স্বার্থে ভারী গাড়িগুলোকে লার্ভা এবং গরুবাথান-মুনসং রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। প্রতি বছর বর্ষায় এই গুরুত্বপূর্ণ সড়কটি বারবার ধসের কবলে পড়ায় পর্যটনের পাশাপাশি স্থানীয় ব্যবসায়িক ক্ষেত্রেও ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে।
দুর্যোগের এই চাদর শুধু সেভকেই সীমাবদ্ধ নেই, বুধবার রাতে ভয়াবহ ধস নেমেছে সিকিমের মেল্লি-জোরথাং রোডেও। সেখানেও অনবরত পাহাড় থেকে পাথর ধসে পড়ছে। এছাড়া ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল এলাকাতেও বড়সড় ধসের খবর মিলেছে। পাশাপাশি কামদং থেকে সিংথাম যাওয়ার রাস্তাও জল-কাদায় ধুয়ে গিয়ে সম্পূর্ণ যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সিকিম ও পাহাড়ি অঞ্চলের সমস্ত চালক ও যাত্রীদের অত্যন্ত সতর্কভাবে যাতায়াত করার নির্দেশ দিয়েছে প্রশাসন।






