পাট দিয়ে জাতীয় পতাকা তৈরি, তাক লাগিয়ে দিলেন উঃদিনাজপুরের হেমতাবাদের শিল্পী
Artist Satyendranath Roy Hemtabad made a national flag out of jute

The Truth of Bengal: ১৫অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। দেশপ্রেমের আবেগে ভাসবে গোটা দেশ। কৃষকের মেহনতের পাট দিয়ে তাই জাতীয় পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিলেন উঃদিনাজপুরের হেমতাবাদের শিল্পী সত্যেন্দ্রনাথ রায়। প্লাস্টিকের বদলে পরিবেশবান্ধব পাটের তিরঙ্গা পতাকা বেছে নেওয়ার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন শিল্পী।
ব্রিটিশদের দুঃশাসনের স্পর্ধাকে দুরমুশ করে সাতচল্লিশে স্বাধীনতা পায় ভারত। জাতীয় জীবনের গৌরবের ঐতিহ্যবাহী জাতীয় পতাকা কেমন হবে,তাই নিয়ে সেসময় নানা আলোচনা চলে। সাতচল্লিশের ২২ জুলাই। পন্ডিত জওহরলাল নেহেরুর ডাকে দিল্লির কনস্টিটিউশন হলে একত্রিত হন ভারতের গণপরিষদের সদস্যরা। উদ্দেশ্য একটাই স্বাধীন ভারতের পতাকা কেমন হবে? ঠিক করা হয়, “ভারতের জাতীয় পতাকা হবে তেরঙ্গা। গেরুয়া, সাদা আর সবুজের সমন্বয়ে তৈরি জাতীয় পতাকায় মহামতি অশোকের শান্তির বাণীকে ছড়িয়ে দিতে রাখা হয় অশোক চক্র। আর স্বাধীনতা দিবসের দিন সারাদেশজুড়ে জাতীয় পতাকা উত্তোলনের আলাদা আবেগ কাজ করে। হর ঘর তিরঙ্গার মিশনপূরণ করতে এখন সরকারি স্তরের মতোই সামাজিক সংগঠনগুলোও জাতীয় পতাকা উত্তোলন করে। এতদিন কাপড়,প্লাস্টিক বা অন্যান্য সামগ্রী দিয়ে তিরঙ্গা তৈরি করতে দেখা গেছে। এবার পরিবেশ বান্ধব পাট দিয়ে জাতীয় পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন হেমতাবাদের বাসিন্দা সত্যেন্দ্রনাথ রায়। পাটের মতো পরিবেশবান্ধব সামগ্রীকে ব্যবহার করে আসলে জয় কিষাণের বার্তাই ছড়িয়ে দিতে চান তিনি। কৃষকের মেহনতের ফসল দিয়ে জাতীয় পতাকা তৈরির আলাদা তাত্পর্য রয়েছে।তিনি ডাক দিচ্ছেন,পরিবেশবিরোধী প্লাস্টিক বর্জন করে পাটের পতাকাকেই সবাই বেছে নিন।
কৃষকও পরিবেশপ্রেমী এই শিল্পীর হাতের তৈরি এই পতাকা বাড়িতে,গাড়িতে,অফিসে সব জায়গায় রাখা যাবে। বহুদিন টেকসই এই পতাকার দাম মাত্র ৩০ টাকা থেকে ৫০ টাকা। অল্পমূল্যের এই তিরঙ্গা দেশের আমজনতার জন্য বেশ সুবিধাজনক হবে বলেও মনে করছেন সত্যেন্দ্রনাথ রায়। জাতীয় গৌরবের মর্যাদা বহন কারী এই স্বদেশী ভাবনায় তৈরি পতাকার চাহিদা বেড়েছে। আশা করা হচ্ছে এবার অনেকেই প্লাস্টিকের পতাকা ছেড়ে এই পাটের পতাকাকেই সাদরে গ্রহণ করবেন।






