বিরিয়ানির দাম নিয়ে বচসা, দোকান মালিককে বেধড়ক মারধর দুষ্কৃতীদের
Arguing over the price of biryani, miscreants beat up the shop owner

The Truth of Bengal, দেবাশীষ গুছাইত, হাওড়া : বিরিয়ানির দাম নিয়ে বচসার জেরে দোকান মালিককে বেধড়ক মারধর দুষ্কৃতীদের। গতকাল ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে। হাওড়া থানার পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, মধ্য হাওড়ার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে একটি বিরিয়ানির দোকান চালান এলাকার যুবক আফজল ইসলাম। গত শনিবার রাতে উত্তর হাওড়ার পিলখানার দুজন যুবক ওই দোকানে বিরিয়ানি কিনতে আসেন এবং দোকান মালিকের সঙ্গে বিরিয়ানির দাম নিয়ে বচসা হয়।

তখনকার মতো ব্যাপারটা মিটে গেলেও গতকাল বিকালে ওই দুজন যুবক পিলখানা এলাকার আরো বেশ কয়েকজন যুবককে নিয়ে ওই দোকানে চড়াও হন। দোকান মালিককে কাছে পেয়ে তাকে কিল, চড় এবং ঘুষি মারতে থাকে। অভিযোগ তাকে ধারালো অস্ত্র দিয়েও আক্রমণ করা হয়। গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরাবন্দি হয়। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা আহত যুবককে উদ্ধার করেন। এর পাশাপাশি হামলাকারীরা পালানোর চেষ্টা করলে তাদের দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। ওদের দুজনকে মারধর করা হয়। খবর দেওয়া হয় হাওড়া থানায়। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুই দুষ্কৃতী শেখ ইরশাদ এবং শক্তি মল্লিককে গ্রেফতার করে। শেখ ইরশাদ আহত হওয়ার কারণে তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আগামীকাল ডাক্তারের অনুমতি নিয়ে তাকে হাওড়া আদালতে তোলা হবে। তবে শক্তি মল্লিককে আজ হাওড়া আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা শুরু করেছে। এই ঘটনায় আহত বিরিয়ানি ব্যবসায়ী হাওড়া জেলা হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।






