রাজ্যের খবর

হস্তশিল্পের উন্নয়নের লক্ষ্যে বীরভূমে শুরু হল খাদি মেলা

উদ্বোধনী মঞ্চ থেকে বক্তারা জানান, খাদি শিল্প কেবলমাত্র একটি ঐতিহ্যের প্রতীক নয়, বরং বহু গ্রামীণ পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম।

Truth Of Bengal: খাদি শিল্পকে নতুন করে গতি দিতে বড় পদক্ষেপ নিল জেলা প্রশাসন । রবিবার বোলপুরের ঐতিহ্যবাহী ডাকবাংলো মাঠে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে সূচনা হল এবছরের খাদি মেলার। জেলার অর্থনীতি, স্থানীয় উৎপাদন এবং গ্রামীণ শিল্পকে আরও মজবুত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। তাঁর হাত দিয়েই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূমের জেলাশাসক ধবল জৈন সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

উদ্বোধনী মঞ্চ থেকে বক্তারা জানান, খাদি শিল্প কেবলমাত্র একটি ঐতিহ্যের প্রতীক নয়, বরং বহু গ্রামীণ পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম। এই ধরনের মেলা খাদি ও হস্তশিল্পের প্রসারে যেমন সহায়ক, তেমনই স্থানীয় শিল্পীদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অনুব্রত মণ্ডল তাঁর বক্তব্যে বলেন, বীরভূমের মানুষ পরিশ্রমী ও প্রতিভাবান। সরকার ও প্রশাসন পাশে থাকলে খাদি ও হস্তশিল্প আরও উন্নতি করবে।

এর মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।মেলা প্রাঙ্গণে ইতিমধ্যেই বসেছে একাধিক স্টল। খাদি পোশাক, হস্তশিল্পের সামগ্রী, গ্রামীণ শিল্পজাত নানা পণ্য ও স্থানীয় ঐতিহ্যবাহী জিনিসপত্রে ভরে উঠেছে পুরো মাঠ। উদ্বোধনের দিন থেকেই সাধারণ মানুষের উল্লেখযোগ্য ভিড় নজর কেড়েছে।আয়োজকদের দাবি, আগামী কয়েকদিন ধরে চলবে এই খাদি মেলা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আকর্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। সব মিলিয়ে খাদি মেলাকে ঘিরে বোলপুর তথা গোটা জেলায় উৎসবের আবহ তৈরি হয়েছে।

Related Articles