রোদের তেজে কিছুটা লাগাম! বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ইঙ্গিত দিচ্ছে আলিপুর হাওয়া অফিস
কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে।
Truth Of Bengal: রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে, যা সাধারণ মানুষকে তীব্র দাবদাহ থেকে বড়সড় স্বস্তি দিয়েছে। তবে এই স্বস্তির ধারা বজায় রেখে সোমবারেও রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া অফিস সূত্রে খবর, সোমবার শুধু তিলোত্তমাই নয়, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।
কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টা আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে শহরে হালকা বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যেই শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৮ ডিগ্রি কমে ৩০.৮ ডিগ্রিতে দাঁড়িয়েছে। তবে বৃষ্টিতে গরম কমলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি এখনই পুরোপুরি কাটছে না। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ইঙ্গিত রয়েছে। সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সব মিলিয়ে চলতি সপ্তাহের শুরুটা ভিজেই কাটবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।






