খেলা

দুবাই বিমানবন্দর বন্ধ হওয়ায় দিল্লিতেই আটকে জিম্বাবোয়ে দল

দেশে ফেরার কথা থাকলেও আপাতত দিল্লির হোটেলেই আটকে রয়েছেন সিকান্দার রাজারা

Truth of Bengal: বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন ভেঙেছে আগেই। তবে তার চেয়েও বড় বিপাকে এখন জিম্বাবোয়ে। দেশে ফেরার কথা থাকলেও আপাতত দিল্লির হোটেলেই আটকে রয়েছেন সিকান্দার রাজারা।

রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় জিম্বাবোয়ে। সোমবার ভোর ও সন্ধ্যায় দুই দফায় দুবাই হয়ে হারারে ফেরার পরিকল্পনা ছিল দলের। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে দুবাই বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। পশ্চিম এশিয়ার একাধিক দেশের আকাশপথ বন্ধ থাকায় আপাতত বিমান চলাচল ব্যাহত। ফলে দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে ক্রিকেটারদের।

এ নিয়ে বিবৃতি দিয়েছে আইসিসি। বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়েছে, পরিস্থিতির সঙ্গে বিশ্বকাপের সরাসরি সম্পর্ক না থাকলেও অংশগ্রহণকারী দেশগুলির ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিরাপদে দেশে ফেরাতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়েছে। এখন নিরাপত্তাই প্রধান অগ্রাধিকার—আর সেই কারণেই দিল্লিতেই আপাতত অপেক্ষায় জিম্বাবোয়ে শিবির।

 

Related Articles