খেলা

তাঁর নামে ট্রফি, অথচ মঞ্চে বাদ গাভাসকর

Trophy in his name, but Gavaskar is left out of the stage

Truth Of Bengal: দুই দেশের দুই কিংবদন্তী ক্রিকেটারের নামেই ট্রফির নামকরণ। একদিকে ভারতের সুনীল গাভাসকর এবং অন্য দিকে অস্ট্রেলিয়ার অ্যালন বর্ডার। পাঁচ টেস্টের এই সিরিজে ভারতকে দুরমুশ করে ৩-১ হারিয়ে সিরিজ জয় করে নিয়েছে অস্ট্রেলিয়া। এরপর বিজয়ী দলকে ট্রফি দেওয়ার সময়ই সিডনির মাঠে উপস্থিত থাকলেও ব্রাত্যই থেকে গেলেন সুনীল গাভাসকর।

তাঁর নামেই ট্রফি, অথচ তিনিই কিনা বাদ পড়লেন। অথচ মঞ্চে ডেকে নেওয়া হল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালন বর্ডারকে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছ থেকে। তবে তাঁকে মঞ্চে না ডাকায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন ভারতের কিংবদন্তী এই প্রাক্তন অধিনায়ক।

এই ঘটনার পরই নিজের ক্ষোভ উগরে দেন সুনীল গাভাসকর। তিনি জানান,  ‘জানি না, কেন আমাকে মঞ্চে ডাকা হল না। এর কারণ উদ্যোক্তারাই বলতে পারবেন।  তবে মঞ্চে আমাকে ডাকা হলে অবশ্যই খুশি হতাম। আমার মনে হয়েছে যেহেতু আমি একজন ভারতীয়, তাই আমার নামে ট্রফি হলেও আমাকে ব্রাত্যই রাখা হয়েছে।’ এদিকে সিরিজ জেতার জন্য গোটা অস্ট্রেলিয়া দলকে শুভেচ্ছাও জানিয়েছেন সানি।

যদিও শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নাকি জানানো হয়েছিল, অস্ট্রেলিয়া সিরিজ জিতলে গাভাসকরকে ট্রফি দেওয়ার জন্য মঞ্চে ডাকা হবে না। কিন্তু যেহেতু দুই কিংবদন্তীর নামে ট্রফি, তাই মঞ্চে দুজনেরই থাকার কথা।

শুধু গাভাসকরই নন, এই ঘটনায় রীতিমত হতাশ অনেক প্রাক্তন ক্রিকেটাররও। তাঁদের মতে, বিশ্বের এই নিয়ম কোথাও নেই যে দেশ জিতবে সেই দেশের প্রাক্তনরাই মঞ্চে পুরস্কার দেবেন। যেহেতু দুই কিংবদন্তীর নামে ট্রফি সুতরাং গাভাসকরকে ডাকা অবশ্যই উচিত ছিল।