
The Truth of Bengal: ভারতের মাটিতে চলছে ক্রিকেটের মহাজজ্ঞ। সেখানে ভারতের পারফরম্যান্স কেমন, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। চলতি বিশ্বকাপে পাকিস্তানকেও পরাজয় স্বীকার করতে হয়েছে ব্লু-আর্মির কাছে। আর এবার আরও এক বিষয়ে ধাক্কা খেল পাক শিবির। সৌজন্যে আইসিসি-র Ranking। বেশ কয়েকদিন ধরেই আইসিসি-র ব্যাটারদের তালিকায় বাবর আজমের কিছুটা নীচেই ছিলেন ভারতের শুভমন গিল। তবে এবার সেই তালিকায় কিছুটা পরিবর্তন ঘটল। বাবর আজমকে ছাপিয়ে গেলেন শুভমন।
আইসিসি-র তরফে যে রিপোর্ট প্রকাশিত করা হয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী, শুভমনের পয়েন্ট বেড়ে হয়েছে ৮৩০। বিশ্বকাপে কয়েকটি ম্যাচে ভাল খেলেছেন শুভমন। তাই তাঁর পয়েন্ট বেড়েছে। অপরদিকে, ৮২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম। তবে, শুধু যে এই পরিবর্তন ব্যাটারদের তালিকাতেই হয়েছে, এমনটা নয়। এই পরিবর্তন ঘটেছে বোলারদের ক্ষেত্রেও। সেখানেও কার্যত পাকিস্তানকে পিছনে ফেলেছে ভারত। গত সপ্তাহেই বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে গিয়েছিলেন শাহিন।
প্রথম বার বিশ্বের সেরা বোলার হওয়ার পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে লজ্জার নজির গড়েন তিনি। পাকিস্তানের হয়ে বিশ্বকাপে এক ইনিংসে সব থেকে বেশি রান দেন তিনি। ১০ ওভারে ৯০ রান দিয়ে একটিও উইকেট পাননি শাহিন। ফলে তাঁর পয়েন্ট কমেছে। অন্য দিকে মুম্বই ও কলকাতায় ভাল বল করায় পয়েন্ট বেড়েছে সিরাজের। ৭০৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন তিনি। আর সব মিলিয়ে, বিশ্বকাপের পাশাপাশি আইসিসির তালিকাতেও পাকিস্তানকে কার্যত ধরাশায়ী করছে ভারত, তা আর বলার অপেক্ষা রাখেনা।
Free Access






