খেলা

ফাইনালে এমন ভুল করা যায় না, ফিল্ডিং নিয়ে সূর্যদের সতর্ক করলেন শাস্ত্রী

বুধবার প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিরুদ্ধে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে ভারত

Truth Of Bengal: চলতি এশিয়া কাপে দাপট ধরে রেখেছে সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত অপরাজিত তারা। বুধবার তারা পরাজিত করেছে বাংলাদেশকে। ৪১ রানে ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে টিকিট পাকা করে নিয়েছে ‘মেন ইন ব্লু’। তবে যেভাবে একাধিক ক্যাচ মিস করেছেন দলের ক্রিকেটাররা, তা একেবারেই ভালো চোখে নেননি দলের সমর্থক থেকে শুরু করে প্রাক্তন তারকা, কেউই। গোটা টুর্নামেন্টে এই অবধি মোট ১২টি ক্যাচ হাতছাড়া হয়েছে দলের তরফ থেকে। এবার এই ব্যাপারে ‘সোনি স্পোর্টস’কে নিজের অবস্থান জানালেন দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)  এবং সতর্ক করলেন গোটা দলকে।

রবি শাস্ত্রী বলেন, “লাইটের রিংয়ের জন্য দুবাইতে ক্যাচিং সহজ নয়। যখন আমি কোচ ছিলাম এবং এখানে এসেছিলাম, তখন যথেষ্ট প্র্যাকটিস করিয়েছিলাম যাতে ম্যাচে এমন সমস্যার মুখে না পড়তে হয়।” এরপরই দলের ফিল্ডিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে শাস্ত্রী বলেন, “এতগুলো ক্যাচ ড্রপ করা যায় না। এই পর্যন্ত ভারত মোট ১২টি ক্যাচ ড্রপ করেছে। এশিয়া কাপের ফাইনালে এমন বড় ভুল করা যায় না। উন্নতির দরকার আছে ফিল্ডিংয়ে।” (Ravi Shastri)

উল্লেখ্য, বুধবার প্রথমে ব্যাট করে বাংলাদেশের বিরুদ্ধে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে ভারত। সর্বোচ্চ ৭৫ রান করেন অভিষেক শর্মা। জবাবে রান তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১২৭ রানে। কুলদীপ যাদব নেন তিনটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট পান জাসপ্রিত বুমরাহ ও বরুন চক্রবর্তী। অক্ষর ও তিলকের ঝুলিতে যায় একটি করে উইকেট। ম্যাচের সেরা হন অভিষেক শর্মা। (Ravi Shastri)

Related Articles