খেলা

লিগ ওয়ানের ম্যাচে পয়েন্ট নষ্ট পিএসজি-র

দিদিয়ের দুয়ের সাজানো পাস থেকে প্রথম এনরিকের দলকে এগিয়ে দেন বারকোলা।

Truth Of Bengal: লিগ ওয়ানের ম্যাচে পয়েন্ট নষ্ট করল লুইস এনরিকের দল পিএসজি। নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে ইউরোপের সেরা ক্লাবটি ম্যাচ শেষ করল ৩-৩ গোলে। পিএসজির হয়ে স্কোরশিটে নাম তোলেন ব্র্যাডলি বারকোলা, গানসালো রেমস ও সেনি মায়ালু।

নিজেদের ঘরের মাঠে শুক্রবার ম্যাচের ছয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। দিদিয়ের দুয়ের সাজানো পাস থেকে প্রথম এনরিকের দলকে এগিয়ে দেন বারকোলা। তবে এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। ২৬ মিনিটের মাথায় স্ট্রাসবুর্গকে সমতায় ফেরান জোয়াকিম পানিচেলি।

এই গোলের ৪১ মিনিটে মোরেইরার গোলে ফের এগিয়ে যায় স্ট্রাসবুর্গ। পিএসজি বক্সের ভিতর থেকে নেওয়া তাঁর দুরন্ত শট জড়িয়ে যায় জালে। ফলে বিরতির আগে ২-১ গোলে পিছিয়ে থাকে এনরিকের দল।

এরপর বিরতি থেকে ফিরে এসেই ফের তৃতীয় গোল তুলে নেয় স্ট্রাসবুর্গ। এবার এনরিকের দলের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করে ফেলেন পানিচেলি। দু গোলে পিছিয়ে থাকার পর গোল শোধের মরিয়া চেষ্টা চালায় পিএসজি। ফলও পায় হাতেনাতে। ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি থেকে এনরিকের দলের হয়ে ব্যবধান কমান গানসালো রেমস।

এনরিকের দল ম্যাচে তাদের সমতার গোলটি পায় ৭৯ মিনিটে। এবার তাদের হয়ে গোল করেন মায়ালু। সমতায় ফিরেই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে এনরিকের দল। লক্ষ্য ছিল যেনতেন ঘরের মাঠে যাতে ৩ পয়েন্ট পাওয়া। সুযোগও তৈরি করেছিলেন পিএসজির ফুটবলাররা। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তারা। ফলে ৩-৩ গোলে ম্যাচ ড্র করেই শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় এনরিকের দলকে।

শুক্রবার ম্যাচে পয়েন্ট নষ্টের ফলে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে পিএসজি। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে আগামী মঙ্গলবার মাঠে নামবে এনরিকের দল। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মান জায়ান্ট লেভারকুসেন। চ্যাম্পিয়ন্স লিগের আগের দুটি ম্যাচে পিএসজি জয় পেলেও এই ম্যাচে তারা জার্মান ক্লাবটিকে হারাতে পারে কি না, সেদিকেই নজর থাকবে সকলের।