
The Truth Of Bengal : আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ-এ ফাতোরদা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং মুম্বই সিটি। মানোলো রোকা’র ছেলেরা প্রথম অর্ধে মুম্বইকে একেবারে আউটপ্লেড করে দেয়। প্রথম ১২’ মিনিটেই গোল করে গোয়া-কে এগিয়ে দেন বরিশ সিং। দ্বিতীয়ার্ধেও যথেষ্ট দাপট দেখায় এফসি গোয়া। ৫৬’ মিনিটে গোয়ার হয়ে দ্বিতীয় গোল করেন ব্র্যান্ডন ফার্নান্দেস। ২-০ গোলে এগিয়ে যায় এফসি গোয়া।
খেলার একদম শেষ মূহুর্তে ম্যাচে ফেরে মুম্বাই সিটি। ছাংতের ৯০’ মিনিটে প্রথম গোল শোধ করেন। একমিনিট পরে অর্থাৎ অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে বিক্রম প্রতাপ সিং-এর করা গোলে সমতায় ফেরে মুম্বাই। ছাংতে ৯০+৬’ মিনিটে গোল করে মুম্বই-কে ম্যাচে লিড দিয়ে দেয়। এই গোল শোধ করার আর সময় পায়নি এফসি গোয়া। ২৯ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগ-র ম্যাচ মুম্বই সিটির হোম মাঠে। সেই ম্যাচে ১ গোলের লিড রেখে খেলতে নামবে মুম্বই সিটি।






