খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের খেলাটাই খেলুক ভারত : মদনলাল

India should play its own game against Australia: Madan Lal

Truth Of Bengal: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এ গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনালে খেলার যোগ্যতা আদায় করে নিয়েছে। আমি এই ট্রফির শুরুর আগেই বলেছিলাম, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্যতম ফেবারিট আমার কাছে। এখনও অবধি টিম ইন্ডিয়ার পারফরম্যান্স সেটা প্রমাণ করে দিয়েছে। রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত যেভাবে জিতল, তাতে প্রমাণ হয়ে গেল রোহিত ব্রিগেড এখনও ফর্মের কতটা ওপরে রয়েছে।

এবার সেমিফাইনালের লড়াই। অর্থ্যাৎ ডু-অর-ডাই ম্যাচ। এই ম্যাচের আগে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে এবার সামনে অস্ট্রেলিয়া। যাদের কাছে বিশ্বকাপেও হারের পর বর্ডার-গাভাসকর ট্রফিতেও হারতে হয়েছে। বরঞ্চ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হলে একটু সুবিধা হত টিম ইন্ডিয়ার।

আমি তাঁদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, ভারতীয় দল এই মুহূর্তে যে ছন্দে রয়েছে তাতে কোনও টিমের বিপক্ষে জয় পাওয়াটা কোনও ফ্যাক্টর নয়। যদি না কোনও অঘটন ঘটে। গম্ভীরের এই দলে ব্যাটিং-বোলিং সব বিভাগেই সেরা খেলোয়াড়রা রয়েছেন। যাঁরা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। নিউজিল্যান্ড ম্যাচে সেটা ফের একবার প্রমাণিত হয়েছে।

উদাহরণ হিসাবে বলতে পারি, বিরাট-রোহিত-শুভমানরা রান পাননি নিউজিল্যান্ড ম্যাচে। কিন্তু কি হয়েছে? তাঁদের অভাব পূরণ করে দিয়েছেন শ্রেয়স। হার্দিকও রান পেয়েছেন। সুতরাং কেউ কেউ ব্যর্থ হলে অপরজন দাঁড়িয়ে পড়ছেন। এটাই তো টিম কম্বিনেশন। যেটা অত্যন্ত প্রয়োজন। ভারতীয় দলের ড্রেসিংরুমের এই সুন্দর পরিবেশ মাঠেও পড়ছে। আর তার জেরেই কঠিন ম্যাচকেও সহজ করে নিয়ে জয় তুলে হাসতে হাসতে মাঠ ছাড়ছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাকে আমরা দলে পাইনি। অনেকের মতো আমারও খারাপ লেগেছিল। কিন্তু কিছু করার নেই। তবে বুমরা থাকলে শামির ওপর অনেকটাই চাপ কমত। কিন্তু এখন সেইসব ভেবে আর লাভ নেই। ট্রফি জয়ের কিনারায় দাঁড়িয়ে এখন রোহিতেদর উদ্দেশে একটাই কথা বলছি। চোখ-কান বুজে নিজেদের খেলাটা খেলে যাও। প্রতিপক্ষককে নিয়ে একদম চিন্তা করবে না। এক ম্যাচে রান পাওনি তো কি হয়েছে। পরবর্তী ম্যাচে ঠিক রান পাবে। পারফরম্যান্সের দিকে নজর রেখে লড়াই করে যাও। সাফল্য আসতে বাধ্য। তাই অন্যদের মত সেই আশাতেই দিন গুনছি। ভারত এবার চ্যাম্পিয়ন্স ট্রফ জয় করেই ফিরবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

এর পাশাপাশি ঘরের মাঠে এই অস্ট্রেলিয়ার কাছে আমাদের বিশ্বকাপ হারতে হয়েছে। তাই অনেকে আবার মঙ্গলবারের ম্যাচকে ভারতের কাছে ‘প্রতিশোধের’ ম্যাচ বলে বর্ণনা করছেন। আমি তাঁদের দলে নেই। যে কোনও খেলাতেই ‘প্রতিশোধ’ শব্দটা ব্যবহার করা উচিত নয়। খেলোয়াড়রা মাঠে লড়াই করেন। খেলাধুলোর মাধ্যমেই সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বোধ গড়ে ওঠে। কাজেই মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ থাকুক।

সব শেষে একটা কথা না বললে অন্যায় হবে। তা হল বরুণ চক্রবর্তীর কথা। অসাধারণ পারফরম্যান্স করছেন বরুণ। সত্যিই অনেকদিন আবার একজন ভাল স্পিনার উপহার পেলাম আমরা। বরুণের মধ্যে আগামী দিনের তারকা বোলার হয়ে ওঠার সবগুণই রয়েছে। আশাকরি বরুণ নিজেকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

Related Articles