নতুন বছরের শুরুতেই মহাকালেশ্বর মন্দিরে পুজো দিল ভারতের মহিলা ক্রিকেট দল
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মন্দির প্রাঙ্গণে বসে ভক্তিভরে পুজো দিচ্ছেন স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, রেণুকা সিং ঠাকুর, স্নেহ রানা, রাধা যাদব ও অরুন্ধতী রেড্ডিরা।
Truth Of Bengal: পুজো ও প্রার্থনার মধ্য দিয়েই নতুন বছরকে স্বাগত জানাল ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দল। ২০২৬ সালের প্রথম দিনে মধ্যপ্রদেশের উজ্জয়িনে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভষ্ম আরতিতে অংশ নিলেন ভারতীয় মহিলা দলের একাধিক তারকা ক্রিকেটার। বিশ্বকাপ জয়ের পর আরও একটি সফল বছরের আশায় মহাদেবের আশীর্বাদ নিলেন স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, রেণুকা সিং ঠাকুর, স্নেহ রানা-সহ দলের সদস্যরা।নববর্ষ উপলক্ষে মহাকালেশ্বর মন্দিরে গিয়ে বিশেষ প্রার্থনা করেন ক্রিকেটাররা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মন্দির প্রাঙ্গণে বসে ভক্তিভরে পুজো দিচ্ছেন স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা, রেণুকা সিং ঠাকুর, স্নেহ রানা, রাধা যাদব ও অরুন্ধতী রেড্ডিরা। পুরোহিতদের কাছ থেকে আশীর্বাদও গ্রহণ করেন তাঁরা।
২০২৫ সালটা ভারতের মহিলা ক্রিকেটের জন্য ঐতিহাসিক বছর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল। টুর্নামেন্টের শুরুতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০৫ ও ২০১৭ সালের বিশ্বকাপে ব্যর্থতার পর এই বিশ্বকাপ জয় ছিল সব সমালোচনার যোগ্য জবাব।বিশ্বকাপ জয়ের পরও ছন্দ ধরে রেখেছে ভারতীয় দল। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ২০২৫ সাল শেষ করেছে ভারত।
তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ম্যাচে ১৫ রানে জয় পায় হরমনপ্রীতরা। এটি ভারতের মহিলা দলের টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় ৫–০ সিরিজ জয়—এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ২০২৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিল ভারত।বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেটে নজরও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সম্প্রতি বিসিসিআই মহিলাদের ঘরোয়া ক্রিকেটে দৈনিক ভাতা বাড়িয়েছে। আগে যেখানে দৈনিক ভাতা ছিল ১০ হাজার টাকা, তা বাড়িয়ে করা হয়েছে ৫০ হাজার টাকা—যা মহিলা ক্রিকেটের অগ্রগতির স্পষ্ট ইঙ্গিত।এদিকে, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপ জয়ের পর ভারতের লক্ষ্য এখন আরও বড়। ২০২৬ সালের শেষের দিকে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। নতুন বছরে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া এবং মে মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত।


