খেলা

আইন লঙ্ঘনের অভিযোগ, এএফসি-র শাস্তির কবলে এফসি গোয়া

এএফসি’র ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কোডের ৬৪.১ ধারার অধীনে এফসি গোয়াকে ৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।

Truth Of Bengal: ভারতীয় ফুটবলের খারাপ সময় যেন কিছুতেই কাটছে না। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের অবনমন, ঘরোয়া লিগ শুরু নিয়ে অনিশ্চয়তা—এই সবের মধ্যেই এ বার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)-র শাস্তির কবলে পড়ল এফসি গোয়া এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। দু’টি পৃথক ঘটনায় এই শাস্তির সিদ্ধান্ত নিয়েছে এএফসি’র ডিসিপ্লিনারি ও এথিক্স কমিটি।জানা গিয়েছে, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রোটোকল লঙ্ঘনের অভিযোগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে শাস্তি পেয়েছে এফসি গোয়া। গত ২ অক্টোবর গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে আল নাসেরের বিরুদ্ধে আয়োজিত ম্যাচ চলাকালীন এক সমর্থক মাঠে ঢুকে পড়েন। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় গুরুতর ত্রুটি ধরা পড়ায় আয়োজক হিসেবে দায়ী করা হয়েছে এফসি গোয়াকে। এএফসি’র ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কোডের ৬৪.১ ধারার অধীনে এফসি গোয়াকে ৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।

অন্যদিকে, এশিয়ান কাপের বাছাইপর্বে ঢাকায় আয়োজিত ভারত-বাংলাদেশ ম্যাচেও শাস্তির মুখে পড়েছে দুই দেশের ফুটবল সংস্থা। ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার নির্ধারিত সময়ের তুলনায় দুই দল ১ মিনিট ৪৩ সেকেন্ড দেরিতে মাঠে নামায় এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এএফসি’র মতে, সময় কম হলেও এটি নিয়মভঙ্গের মধ্যে পড়ে।এই ঘটনায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ১ হাজার মার্কিন ডলার (প্রায় ৯০ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দিতে হবে ১,২৫০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৩ হাজার টাকা।

এএফসি সূত্রে খবর, আগামী ১৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে এফসি গোয়া, এআইএফএফ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে।ফিফা ক্রমতালিকায় ভারতের নেমে যাওয়া ১৪২ নম্বরে এবং আইএসএল বা আই-লিগের মতো ঘরোয়া প্রতিযোগিতা এখনও শুরু না হওয়া—এই পরিস্থিতিতে এএফসি’র শাস্তির খবর ভারতীয় ফুটবলের ভাবমূর্তির পক্ষে মোটেও ইতিবাচক নয় বলে মনে করছে ক্রীড়া মহল।

 

Related Articles