বিজেপিতে অস্বস্তি, গম্ভীরের পর জয়ন্ত সিনহা প্রার্থী হতে চান না লোকসভা ভোটে
Jayant Sinha does not want to be a candidate in the Lok Sabha

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। জাতীয় নির্বাচন কমিশন যে কোনদিন ভোট ঘোষণা করবে। ভোটের চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে প্রধান রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে ঝাড়খন্ডে নির্বাচনী প্রস্তুতির মাঝেই জোর ধাক্কা। এবারে নির্বাচনে প্রার্থী হতে রাজি নন জয়ন্ত সিনহা। তিনি হাজারিবাগের সাংসদ। কেন্দ্রীয় মন্ত্রিত্ব পালন করেছেন। জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি রয়েছে জয়ন্ত সিনহার। বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কে তিনি জানিয়ে দিয়েছেন এবারের ভোটে আর প্রার্থী হতে চাইছেন না তিনি। এক্স হ্যান্ডেলে নিজের মতামত পরিষ্কার করে দিয়েছেন তিনি। জানিয়েছেন পরিবেশ সংক্রান্ত কাজে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করতে চান।
গোটা বিশ্বের জলবায়ু পরিবর্তনের উপর যে কাজ করে চলেছেন সেই কাজে আরও মনোনিবেশ করতে চান। সেই কারণে আর প্রার্থী হতে রাজি নন। দলের সর্বভারতীয় সভাপতি এখনো পর্যন্ত দলের সিদ্ধান্তের কথা জানাননি। তবে জয়ন্ত সিনহা নিজের বক্তব্য স্পষ্ট করেছেন। বিরোধীদের অভিযোগ, ঝাড়খন্ডে জোট সরকার ভাঙার সব ধরনের প্রচেষ্টা করেছিল বিজেপি। জেলে যেতে হয়েছে হেমন্ত সোরেনকে। এই প্রেক্ষিতে বিজেপির প্রতি সমর্থন মানুষের আরও হারিয়েছে বলে রাজনৈতিক ওয়াকিবহাল-মহলের একাংশ মনে করছে। সেই জন্যই কী জয়ন্ত সিনহা ভোটে দাঁড়াতে চাইছেন না? পরাজয়ের আশঙ্কা থেকেই কি তার সরে দাঁড়ানো? শুরু হয়েছে এই নিয়ে জল্পনা।
তবে হাজারিবাগের বিজেপি সাংসদের কথায় জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক পরিধিতে যে কাজ করছেন তার আরও বাড়াতে চান বলেই রাজনীতি থেকে দূরে থাকতে চাইছেন তিনি। তবে দল তাকে অব্যাহতি দেবে কিনা তা সময় বলবে। প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে একইভাবে রাজনীতি থেকে দূরে থাকার বার্তা দিয়েছিলেন। রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার। তির কয়েক ঘন্টা পর জয়ন্ত সিনহা একইভাবে অব্যাহতি চাইলেন। অস্বস্তি বাড়ল পদ্ম শিবিরে।






