ভাতা সম্পর্কিত ক্যাম্প নিয়ে আজ মুখ্য সচিবের বৈঠক
নবান্ন সূত্রে খবর, এই ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদনও নেওয়া হবে
Truth of Bengal: ‘যুব সাথী’ প্রকল্প সম্পর্কিত ক্যাম্প নিয়ে আজ শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। সমস্ত জেলার জেলা শাসকদের সঙ্গে এই বৈঠক হবে। প্রকল্পের জন্য ২৯৪ টি বিধানসভা আসনে ক্যাম্প হবে, এমন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে করেছিলেন। সেই ক্যাম্প নিয়েই আলোচনা হবে। আগামী রবিবার থেকেই প্রতিটা বিধানসভা কেন্দ্রে এই ক্যাম্প চালু হচ্ছে। তার আগে রাজ্য সরকারের পরিকল্পনা সম্পর্কিত বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে মুখ্য সচিবের জরুরী বৈঠক।
নবান্ন সূত্রে খবর, এই ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদনও নেওয়া হবে। চলতি মাসে ৩ তারিখ শুরু হয়েছিল রাজ্য বিধানসভার অধিবেশন। সেই অধিবেশনের পাঁচ তারিখ বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী হিসাবে। সেখানেই যুবসাথীর কথা বলা হয়েছিল। কিন্তু সেটি আগস্ট মাস থেকে শুরু হবে বলা হয়েছিল। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী সহ তিনটি বিষয় নিয়ে একটি ক্যাম্প তৈরি করার কথা ঘোষণা করেছিলেন। এবং সেটা চলতি মাস থেকেই যাতে উপভোক্তা না পান সেই ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন। সেইমতো ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প হবে। তা নিয়ে আজ শনিবার আলোচনা করবেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। বিভিন্ন জেলার জেলা শাসকরা ছাড়াও থাকবেন অন্যান্য আধিকারিকরা।






