কলকাতারাজ্যের খবর

দক্ষিণবঙ্গে শীতের ‘চেক আউট’! আগামী সপ্তাহ থেকেই কি চড়বে গরমের পারদ?

আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে।

Truth of Bengal: লেপ-কম্বল ভাঁজ করে আলমারিতে তোলার সময় এসে গিয়েছে। ভোরের হালকা ঠান্ডা এখনও জানায় দেয় শীত পুরোপুরি বিদায় নেয়নি, কিন্তু তার কণ্ঠস্বর এখন ক্ষীণ। আবহাওয়ার ইশারা বলছে—বাংলায় শীত ‘চেক-আউট’ করছে, আর বসন্ত তার উষ্ণ নিশ্বাস নিয়ে দরজায় কড়া নাড়ছে।

আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। দিনের সর্বোচ্চ পারদ ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। রাতে সামান্য শীতলতার ছোঁয়া মিললেও দুপুর গড়াতেই গায়ে লাগবে গরমের আঁচ। অর্থাৎ, সকালের সোয়েটার খুলে এবার রোদ আর ঘামের প্রস্তুতি নেওয়ার পালা। কলকাতা-সহ একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকার সম্ভাবনা জোরালো।

এই আচমকা উষ্ণতার পেছনে দায়ী পরপর পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় একটি ঝঞ্ঝা ইতিমধ্যেই সক্রিয়, ধীরে ধীরে সরে যাচ্ছে। তার মাঝেই ঢুকে পড়েছে আরও একটি, আর সোমবার আসছে তৃতীয় ঝঞ্ঝা। এই ধারাবাহিক প্রভাবেই উত্তুরে হাওয়ার প্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে শীতের কামড় কার্যত উধাও, আর তাপমাত্রা ক্রমেই চড়ছে ঊর্ধ্বমুখে।

দক্ষিণবঙ্গে এখন কুয়াশা প্রায় নামমাত্র। কলকাতা থেকে মেদিনীপুর, পুরুলিয়া কিংবা বীরভূম—সব জায়গাতেই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সকালে কোথাও হালকা কুয়াশা দেখা দিলেও সূর্য উঠতেই আকাশ হবে ঝকঝকে পরিষ্কার। উত্তরবঙ্গের চিত্র কিছুটা আলাদা—দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার দাপট তুলনামূলক বেশি থাকতে পারে। তবে স্বস্তির খবর, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Related Articles