প্রভাব খাটিয়ে কোটি টাকার সম্পত্তি লুঠ! এবার বিপাকে প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ
বাবা-মেয়ে ও জামাই মিলে মেগা জালিয়াতি? প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় FIR
Truth of Bengal: পশ্চিমবঙ্গে ছাব্বিশের মেগা রাজনৈতিক পালাবদলের পর থেকেই যেন তৃণমূল নেতাদের দুর্নীতির একের পর এক কঙ্কাল বেরিয়ে আসছে। প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, জালিয়াতি ও সিন্ডিকেট রাজের অভিযোগে জেলা থেকে শহর সর্বত্রই শুরু হয়েছে ধরপাকড়। এবার সেই তালিকায় যুক্ত হলেন কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা উত্তর কলকাতার দাপুটে তৃণমূল নেতা অতীন ঘোষ। এক ব্যবসায়ীর জমি এবং বাড়ি জোরপূর্বক লিখিয়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগে এবার আইনি জালে জড়ালেন এই হেভিওয়েট নেতা। শুধু অতীন ঘোষই নন, এই মামলায় নাম জড়িয়েছে তাঁর মেয়ে প্রিয়দর্শনী ঘোষ এবং জামাইয়েরও।
তৃণমূল জমানার অবসান ঘটতেই রাজ্যজুড়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। দিকে দিকে তৃণমূল নেতাদের লক্ষ্য করে আমজনতার ডিম ছোড়ার হিড়িকের মাঝেই এবার এই বড়সড় জমি কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এল। জানা গিয়েছে, বিধাননগরের বাসিন্দা এক নামী হোটেল ব্যবসায়ী কলকাতার প্রগতি ময়দান থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‘দি শোভরাণী’ নামে একটি বিলাসবহুল হোটেলের মালিক ওই ব্যবসায়ী তাঁর অভিযোগে জানিয়েছেন, ২০১৭ সালে ক্ষমতার চরম শিখরে থাকাকালীন অতীন ঘোষ তাঁর ওপর মারাত্মক রাজনৈতিক প্রভাব খাটান।
মেয়ে-জামাইকে নিয়ে মেগা জালিয়াতির ছক?
অভিযোগকারীর দাবি, প্রগতি ময়দান থানা এলাকার একটি অত্যন্ত মূল্যবান জমি ও বাড়ি ভীতি প্রদর্শন করে, জোরপূর্বক অত্যন্ত কম টাকা দিয়ে অতীন ঘোষ তাঁর পরিবারের নামে লিখিয়ে নেন। এই বেনজির জালিয়াতিতে অতীন ঘোষের পাশাপাশি তাঁর মেয়ে প্রিয়দর্শনী ও জামাইও সরাসরি অংশ নিয়েছিলেন এবং ক্ষমতার অপব্যবহার করেছিলেন বলে পুলিশি অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কলকাতা পুলিশ থেকে মামলা গেল বিধাননগরে
প্রাথমিকভাবে কলকাতার প্রগতি ময়দান থানায় এই গুরুতর জালিয়াতি ও জোরপূর্বক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করা হলেও, আইনি এক্তিয়ার এবং তদন্তের সুবিধার্থে কলকাতা পুলিশ এই চাঞ্চল্যকর মামলাটি বিধাননগর উত্তর থানায় স্থানান্তরিত (Transfer) করেছে। বিধাননগর পুলিশের একটি বিশেষ দল ইতিমধ্যেই এই জমি ও বাড়ি সংক্রান্ত সমস্ত দলিল এবং ২০১৭ সালের আর্থিক লেনদেনের নথিপত্র খতিয়ে দেখার কাজ শুরু করেছে। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের জমানায় একের পর এক দুর্নীতির ফাইল খোলায় অতীন ঘোষের এই ‘জমি-কাণ্ড’ তৃণমূল শিবিরের ওপর চাপ ও অস্বস্তি আরও কয়েক গুণ বাড়িয়ে দিল।





