কলকাতা

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে মুখ্যমন্ত্রীর অ্যাকশন! পরীক্ষার্থীরা পাবেন OMR শিটের কার্বন কপি

রোজগার মেলার মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে লাগাতার নিয়োগ দুর্নীতির কারণে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

Truth of Bengal: রাজ্যে সরকারি পালাবদল হতেই নিয়োগ প্রক্রিয়ায় ১০০ শতাংশ স্বচ্ছতা আনতে বড়সড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর নতুন সরকার। এবার থেকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় পরীক্ষার্থীদের ওএমআর (OMR) শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত একটি রোজগার মেলার মঞ্চ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বড় ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান, কার্বন কপি প্রত্যেক চাকরিপ্রার্থী যুবক-যুবতীকে দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হতো না, যার ফলে স্বজনপোষণ ও দুর্নীতির মতো শব্দগুলোর উৎপত্তি হয়েছে। তাই নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে এখন থেকে কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।

রোজগার মেলার মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে লাগাতার নিয়োগ দুর্নীতির কারণে গোটা দেশের কাছে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট হয়েছে। নতুন সরকারের জমানায় সম্পূর্ণ নতুন নিয়োগ নীতি বলবৎ করা হবে এবং সম্ভবত আগামী বাজেট অধিবেশনেই এই সংক্রান্ত প্রস্তাব পেশ করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে মেধাবীদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে তাঁর সরকার। এবার থেকে লিখিত পরীক্ষা ও অ্যাকাডেমিক স্কোরের ওপর ভিত্তি করে স্বচ্ছ নিয়োগ হবে এবং মৌখিক বা ভাইভা পরীক্ষায় অতিরিক্ত নম্বর রাখা যাবে না। ভাইভার ক্ষেত্রে একটি মিনিমাম বা নির্দিষ্ট নম্বর বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে গত সরকারের আমলের মতো ইন্টারভিউতে অতিরিক্ত নম্বর পাইয়ে দিয়ে ‘অযোগ্য’দের সুযোগ করে দেওয়ার বা স্বজনপোষণের কোনো রাস্তা না থাকে। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন যে, গত জমানায় সরকারি নিয়োগের ক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি এবং বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের সংরক্ষণের সাংবিধানিক নিয়মও সঠিকভাবে মানা হয়নি।

নতুন সরকারের একমাত্র লক্ষ্য হলো রাজ্যের নিয়োগ ব্যবস্থাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা। বিগত দিনে ২৬ হাজার চাকরি চুরি এবং টাকার বিনিময়ে অযোগ্যদের সুযোগ করে দেওয়ার মতো ঘটনায় পশ্চিমবঙ্গের গোটা নিয়োগ সিস্টেমটাই রসাতলে চলে গিয়েছিল বলে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, এ রাজ্যের দুর্নীতি দেখে রেল ও আধাসেনার মতো কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিও নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সতর্ক হয়ে গিয়েছিল। তবে রাজ্যে বিজেপি-র এই নতুন জমানায় দুর্নীতিমুক্ত কর্মসংস্থান নিয়ে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই গ্যারান্টি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Related Articles