কলকাতা

Second Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল কন্টেনার

শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী কন্টেনার ট্রাক সেতুর ডিভাইডারে ধাক্কা মারলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Truth of Bengal: দ্বিতীয় হুগলি সেতুতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাক চালক ও খালাসি। শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী কন্টেনার ট্রাক সেতুর ডিভাইডারে ধাক্কা মারলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর মেলেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কন্টেনার বোঝাই ওই ট্রাকটি হাওড়া থেকে কলকাতার দিকে আসছিল। সেতুর মাঝামাঝি পৌঁছাতেই আচমকা নিয়ন্ত্রণ হারান চালক এবং সজোরে ডিভাইডারে ধাক্কা মারেন। অভিঘাত এতটাই তীব্র ছিল যে, ট্রাকের উপর থাকা একটি বিশাল কন্টেনার ছিটকে পড়ে মাঝের ডিভাইডারে আটকে যায়। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার পর ট্রাকের ভেতর থেকে চালক ও খালাসিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সেতুর ওপর কন্টেনারটি আড়াআড়িভাবে পড়ে থাকায় শুরুর দিকে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে এবং যানজটের সৃষ্টি হয়। তবে শনিবার ছুটির দিন হওয়ায় সকালের দিকে রাস্তায় গাড়ির চাপ অন্য দিনের তুলনায় কম ছিল, যার ফলে পরিস্থিতি খুব একটা ভয়াবহ রূপ নেয়নি।

পুলিশ জানিয়েছে, পণ্যবাহী কন্টেনারটি ডিভাইডারের মাঝখানে ঢুকে যাওয়ায় রাস্তার দু’দিকের লেন পুরোপুরি বন্ধ করতে হয়নি। ফলে কিছুক্ষণের মধ্যেই ফের স্বাভাবিক যান চলাচল শুরু করা সম্ভব হয়েছে। কীভাবে এই নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটল, যান্ত্রিক ত্রুটি নাকি চালকের অসতর্কতা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles