কলকাতা

কালীপুজোর দিনেই বৃষ্টির পূর্বাভাস,তিন জেলায় জারি হলুদ সতর্কতা

তবে সোমবার, ২০ অক্টোবর, দক্ষিণবঙ্গের তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Truth Of Bengal: ক্রমেই বদলাচ্ছে আবহাওয়া। দিনে ও রাতে টের পাওয়া যাচ্ছে হাওয়ার হেরফের। শীতের আগমনের অপেক্ষায় যখন দিন গুনছেন রাজ্যবাসী, ঠিক তখনই কালীপুজোর দিনে মিলল বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাল, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, কালীপুজো এবং ভাইফোঁটার সময় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাই থাকবে শুষ্ক। তবে সোমবার, ২০ অক্টোবর, দক্ষিণবঙ্গের তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।

কলকাতার আবহাওয়া সোমবার আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে প্রায় ১.৮ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে — সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ পর্যন্ত। ফলে সারাদিন জুড়ে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।

সোমবার দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় ওই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, বর্ধমান, হাওড়া এবং হুগলির আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানানো হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়াও বেশ ভালো থাকবে। আকাশ থাকবে রোদ ঝলমলে। তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু জায়গায় হালকা দু-এক পশলা বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় থাকবে একেবারে শুষ্ক আবহাওয়া।

Related Articles