“তদন্তে সব সত্যি সামনে আসবে”, আনন্দপুরের ভস্মীভূত গোডাউন পরিদর্শনে গিয়ে কড়া বার্তা রাজ্যপালের
তিনি পরোক্ষভাবে প্রশাসনের ভূমিকার দিকেও ইঙ্গিত করেন এবং ঘোষণা করেন যে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
Truth of Bengal: আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে রাজ্যপাল সিভি আনন্দ বোস একে অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা বলে বর্ণনা করেছেন। শুক্রবার সকালে বারাকপুরের গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে রাজ্যপাল জানান যে, প্রশাসনের পক্ষ থেকে সঠিক তদন্ত হলে এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সামনে আসবে। এই বিষয়ে কথা বলার পাশাপাশি তিনি পরোক্ষভাবে প্রশাসনের ভূমিকার দিকেও ইঙ্গিত করেন এবং ঘোষণা করেন যে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
শুক্রবার আনন্দপুরের পুড়ে যাওয়া কারখানা, গোডাউন পরিদর্শন করলেন রাজ্যপাল pic.twitter.com/bWmAJqsyS6
— TOB DIGITAL (@DigitalTob) January 30, 2026
সেই কথা মতোই শুক্রবার বেলা ১২টার পর বারাকপুর থেকে সরাসরি আনন্দপুরে পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হওয়া মোমো কারখানা এবং পার্শ্ববর্তী গোডাউন এলাকাটি ঘুরে দেখেন এবং বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। উল্লেখ্য, গত কয়েকদিনের উদ্ধারকাজে এখনও পর্যন্ত অন্তত ২৫টি দেহাংশ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার ভয়াবহতা দেখে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলির সঙ্গেও কথা বলেন তিনি। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে পুলিশি তৎপরতাও তুঙ্গে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ডেকরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে আগেই গ্রেফতার করে বারুইপুর আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে মোমো সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে পাকড়াও করেন তদন্তকারীরা। তাঁদের বিরুদ্ধে গাফিলতি ও সুরক্ষাবিধি লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে দক্ষিণ কলকাতার উপকণ্ঠে। প্রশাসনের ব্যর্থতার অভিযোগে পথে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিশেষ অনুমতি নিয়ে শুক্রবার ইএম বাইপাসের গড়িয়া ঢালাই ব্রিজ এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু করেন তিনি। এই মিছিলটি নরেন্দ্রপুর থানা পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ঘটনার নেপথ্যে থাকা সমস্ত দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরই মাঝে সকালে এসইউসি-র একটি প্রতিনিধি দল আনন্দপুরের ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ এলাকাটি ঘিরে রাখায় তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।





