কলকাতারাজ্যের খবর

WB Weather: দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট অব্যাহত, নিম্নচাপের জেরে বাড়বে বৃষ্টিপাত

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব আগামী কয়েকদিন ধরে চলবে।

Truth of Bengal: কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টিতে নাজেহাল জনজীবন। শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা, কোথাও কোথাও শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব আগামী কয়েকদিন ধরে চলবে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে শনিবার থেকেই রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির প্রকোপ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস (WB Weather)।

আরও পড়ুনঃ Daily Horoscope: সতর্ক না থাকলে হাতছাড়া হতে পারে গুরুত্বপূর্ণ সুযোগ—রইল আজকের রাশিফল

শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। এইসব এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে—কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। ঝোড়ো হাওয়া বজায় থাকবে এবং মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে (WB Weather)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

আবহাওয়া দফতরের অনুমান, এই নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে অন্তত আগামী বুধবার পর্যন্ত থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ হতে পারে আরও বেশি। উত্তরবঙ্গেও শনিবার সক্রিয় থাকবে বর্ষা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গোটা উত্তরবঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পরবর্তী কয়েকদিন আবহাওয়া বেশ অস্থির থাকবে বলেই ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে সমুদ্র উপকূলের বাসিন্দাদের প্রতি সতর্ক থাকার বার্তা দিয়েছে প্রশাসন। প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও (WB Weather)।

Related Articles