কলকাতা

জমা জলে দাঁড়িয়ে দোকানের শাটার খুলতে গিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের

ঘটনাটি ঘটেছে বেহালা-সরশুনা এলাকায়। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Truth Of Bengal: কলকাতায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে বেহালা-সরশুনা এলাকায়। শনিবার সকালে জমা জলে দাঁড়িয়ে দোকানের শাটার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ৬৬ বছরের বৃদ্ধা শ্রাবন্তী দেবীর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরশুনার ক্ষুদিরাম পল্লির তালপুকুর রোডের বাসিন্দা শ্রাবন্তী দেবী সকাল সাড়ে সাতটা নাগাদ দোকান খুলতে গিয়েছিলেন। দোকানের ধাতব শাটারে হাত দিতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

সিইএসসি কর্তৃপক্ষ জানিয়েছেন, দোকানের ছাদের টিনের শেডে লাগানো একটি আলোর তার সঠিকভাবে সংযুক্ত ছিল না। সেই বিদ্যুৎবাহী তার থেকেই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকা পরিদর্শন করে তারা বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, সোমবারের প্রবল বৃষ্টির পর শহরের বিভিন্ন অংশে জল জমে যায়। সেই সময় জমা জলের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছিল। নেতাজিনগরে এক ফল বিক্রেতা ও একটি কুকুরের মৃত্যুর ঘটনাও ঘটেছিল। নতুন করে সরশুনায় এই ধরনের দুর্ঘটনা শহরে বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

Related Articles