কলকাতা

উৎসবের মুখে নবান্নের বড় উপহার! একধাক্কায় বাড়ানো হল পুলিশকর্মীদের রেশন ভাতা

১ অক্টোবর, ২০২৬ থেকেই নতুন হার কার্যকর হয়েছে

Truth of Bengal: পুজোর মুখে রাজ্য ও কলকাতা পুলিশের নিচুতলার কর্মীদের জন্য সুখবর। রেশন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতদিন মাসে ১,৫০০ টাকা করে রেশন ভাতা পেতেন সংশ্লিষ্ট পুলিশকর্মীরা। এবার সেই অঙ্ক বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। ১ অক্টোবর, ২০২৬ থেকেই নতুন হার কার্যকর হয়েছে। সাধারণত পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদা এবং তার নিচের স্তরের কর্মীরা এই রেশন ভাতা পেয়ে থাকেন। রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে রেশন ভাতা পাবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের যে সমস্ত কর্মী বর্তমানে মাসিক ১,৫০০ টাকা হারে রেশন ভাতা পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে ১ অক্টোবর থেকে সেই ভাতা বাড়িয়ে ২,০০০ টাকা করা হচ্ছে। অর্থাৎ, প্রত্যেক যোগ্য পুলিশকর্মীর মাসিক ভাতা বাড়ল ৫০০ টাকা। উৎসবের মরশুমের ঠিক আগে এই সিদ্ধান্তে রাজ্য ও কলকাতা পুলিশের নিচুতলার কর্মীদের একটি বড় অংশ আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবেন। তবে একদিকে যখন রেশন ভাতা বাড়ানো হয়েছে, অন্যদিকে পুজোর মরশুমে পুলিশকর্মীদের ছুটি নিয়েও কড়া নির্দেশ জারি করেছে প্রশাসন। দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত শহর ও রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা সামলাতে পুলিশকর্মীদের ছুটি বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশ অনুযায়ী, আগামী ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাধারণভাবে কোনও পুলিশকর্মীর ছুটি মঞ্জুর করা হবে না। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো ও ছটপুজোর সময় অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এই সংক্রান্ত নির্দেশ ইতিমধ্যেই বিভিন্ন জোনের আইজি, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার পর্যায়ের আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। তবে চিকিৎসা বা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী ছাড় দেওয়া হতে পারে। ফলে উৎসবের মরশুমে বাড়তি দায়িত্বের আগে একদিকে রেশন ভাতা বৃদ্ধি, অন্যদিকে দীর্ঘ সময় ছুটি নিয়ন্ত্রণ—দুই সিদ্ধান্তই একসঙ্গে কার্যকর হচ্ছে রাজ্য ও কলকাতা পুলিশের কর্মীদের ক্ষেত্রে।

Related Articles