আন্তর্জাতিক

মরক্কোয় হুড়মুড়িয়ে ধসে পড়ল দুই বহুতল, মর্মান্তিক দুর্ঘটনায় নিহত কমপক্ষে ১৯

জানা গেছে, বহুদিন ধরেই জরাজীর্ণ এসব ভবনে আটটি পরিবার বসবাস করছিল।

Truth Of Bengal: মরক্কোয় পাশাপাশি দাঁড়িয়ে থাকা দু’টি বহুতল ভেঙে পড়ায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জনের মৃত্যু ও ১৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধারকাজ।

ঘটনাটি ঘটে মরক্কোর অন্যতম জনবহুল শহর ফেজে, মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাতে। হঠাৎ করেই চারতলা উঁচু দু’টি জুড়ে থাকা ভবন হুড়মুড়িয়ে ধসে পড়ে। জানা গেছে, বহুদিন ধরেই জরাজীর্ণ এসব ভবনে আটটি পরিবার বসবাস করছিল। ভবনের ফাটলসহ বিপজ্জনক অবস্থার বিষয়ে স্থানীয়দের অভিযোগ উপেক্ষিতই ছিল বলে দাবি।

দুর্ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনে আগে থেকেই গুরুতর ফাটল ছিল, তবে তা উপেক্ষা করায় বড়সড় ঝুঁকি তৈরি হয়েছিল। তবে বহুতল ধসের কারণ নিয়ে প্রশাসন এখনো বিস্তারিত কিছু জানায়নি।

এর মাত্র দু’মাস আগে বেকারত্ব, নিম্নমানের বাসস্থান এবং অপ্রতুল সরকারি পরিষেবার প্রতিবাদে স্থানীয় মানুষ রাস্তায় নেমেছিলেন। সেই আন্দোলন এতটাই তীব্র হয়ে ওঠে যে প্রশাসনিক হেডকোয়ার্টারে অনুপ্রবেশের অভিযোগে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হন এবং প্রায় ৪০০ জন গ্রেপ্তার হন। এই অবস্থায় নতুন এই দুর্ঘটনা সরকারের দায়বদ্ধতা ও অবহেলা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে বলে মনে করছে বিশ্লেষক মহল।