আন্তর্জাতিক

ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্প, নিহত প্রায় ৬০, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

আহতদের চিকিৎসার জন্য জরুরি মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।

Truth Of Bengal: ফিলিপিন্স দ্বীপ প্রদেশ সেবুর উপকূলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পয এই ভয়াবহ ঘটনায় নিহত হয়েছেন প্রায় ৬০ জন। আহত হয়েছেন ১৫০ জন। বুধবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। তবে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫৯ মিনিটে (জিএমটি ১৩:৫৯) সেবুর উত্তরের প্রান্ত বোগো শহরের কাছে কম্পন অনুভূত হয়। প্রথম কম্পনের পর এলাকার মধ্যে আরও চারটি কম্পন হয়েছে, যার মাত্রা ৫ বা তার বেশি।

ফিলিপিন্স অফিস অব সিভিল ডিফেন্সের উপ-প্রশাসক রাফায়েলিতো আলেজান্দ্রো জানান, নতুন হতাহতের সংখ্যা বুধবার নিশ্চিত হয়েছে। এটি পূর্বে রিপোর্ট করা ২৬ জনের চেয়ে অনেক বেশি। তিনি বলেন, “আমরা আরও রিপোর্ট পাচ্ছি, যা প্রায় ৬০ জনের মৃত্যুর খবর দিচ্ছে।”

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেবুর কিছু অংশে “দুর্যোগ অবস্থা” ঘোষণা করা হয়েছে। শক্তিশালী কম্পনের ফলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং কয়েকটি ভবন ধ্বংস হয়েছে। প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো সামাজিক মাধ্যমে বলেন, “আমরা এখনও ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছি, তবে পরিস্থিতি ধারণার চেয়ে খারাপ হতে পারে।” তিনি প্রেসিডেন্টের অফিসের সঙ্গে যোগাযোগে রয়েছেন এবং সাহায্যের আবেদন করেছেন।

বারিকুয়াত্রো আরও জানান, কিছু বাড়ি এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য জরুরি মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।

ফিলিপিন্স ইনস্টিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজি বাসিন্দাদের সতর্ক করেছে, সেবু, লেইট ও বিলিরান প্রদেশের উপকূল থেকে দূরে থাকুন এবং অস্বাভাবিক ঢেউ সম্পর্কে সতর্ক থাকুন।

Related Articles