Jabalpur Accident: উৎসবের রাতে চরম বিষাদ! মণ্ডপে ঢুকে পড়ল নিয়ন্ত্রণহীন বাস, জবলপুরে আহত কমপক্ষে ২০
Truth of Bengal: উৎসবের আবহে চরম বিষাদের ছায়া। দুর্গাষ্টমীর রাতে মধ্যপ্রদেশের জবলপুরে ঘটল এক ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে একটি দ্রুতগতির নিয়ন্ত্রণহীন বাস সোজা ঢুকে পড়ে দুর্গাপূজার মণ্ডপে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাঁদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় রাত প্রায় ১০টা। স্থানীয় সিহোরা-র কাছে গৌরী চৌরাস্তার মণ্ডপটিতে তখন দুর্গাপূজা চলছিল, আর ভিড়ে ঠাসা ছিল এলাকা। বহু মানুষ সেলফি, আড্ডা ও পুজো নিয়ে ব্যস্ত ছিলেন। ঠিক তখনই দ্রুত গতিতে বাসটি মণ্ডপের মধ্যে ঢুকে পড়ে (Jabalpur Accident)।
জব্বলপুরের কালেক্টর রাঘবেন্দ্র সিং প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছেন যে, দুর্ঘটনার সময় বাসের চালক মত্ত অবস্থায় ছিলেন। শুধু তাই নয়, এলাকায় ‘নো এন্ট্রি’ বোর্ড থাকা সত্ত্বেও চালক বেআইনিভাবে বাসটিকে শহরের ভেতরে নিয়ে এসেছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে, তারপর মণ্ডপের ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। অভিযুক্ত বাস চালক নিজেও গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন (Jabalpur Accident)।
কালেক্টরের দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে প্যান্ডেলের ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একজন পুলিশকর্মীও রয়েছেন। আহত গুরুতরদের সিহোরা থেকে জব্বলপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সৌভাগ্যবশত, দুর্ঘটনা ঘটানোর সময় বাসটি খালি ছিল এবং তাতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা প্রতিবাদ জানাতে শুরু করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সিহোরা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতাকে বোঝানোর পর উত্তেজনা প্রশমিত হয় (Jabalpur Accident)।






