আন্তর্জাতিক

চিনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠকই কাল হল! অভিশংসনের খাঁড়ায় পদচ্যুত পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্ট

৯ বছর বয়সী আইনজীবী জেরি ২০২১ সালে ছোট রক্ষণশীল দল সোমোস পেরু থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন।

Truth of Bengal: দক্ষিণ আমেরিকার দেশ পেরু-তে নতুন করে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। দেশটির কংগ্রেস পেরুর কংগ্রেস অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরি-কে মাত্র চার মাস ক্ষমতায় থাকার পর অভিশংসনের মাধ্যমে পদচ্যুত করেছে। কংগ্রেসের অভিযোগ, জেরি সরকারি নথিতে উল্লেখ না করে একাধিকবার চীনা ব্যবসায়ী ঝিহুয়া ইয়াং-এর সঙ্গে গোপন বৈঠক করেন। ওই ব্যবসায়ী তখন সরকারের নজরদারিতে ছিলেন। পরে ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসলে কেলেঙ্কারি আরও তীব্র হয়। এই ঘটনাটি গণমাধ্যমে “চিফা-গেট” নামে পরিচিতি পায়। ৩৯ বছর বয়সী আইনজীবী জেরি ২০২১ সালে ছোট রক্ষণশীল দল সোমোস পেরু থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন।

গত অক্টোবরে তিনি কংগ্রেসের প্রধান ছিলেন, যখন তৎকালীন প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে-কে অপসারণ করা হয়। এরপরই জেরিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। জেরির বিরুদ্ধে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগে পেরুর অ্যাটর্নি জেনারেলের দপ্তর প্রাথমিক তদন্ত শুরু করে। অভিযোগ অনুযায়ী, তিনি দুইজন চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করেন—যাদের একজন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত এবং অন্যজন অবৈধ কাঠ পাচারের তদন্তে ছিলেন। জেরি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেন, এই বৈঠক ছিল একটি পেরু-চীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নিয়ে। তবে কংগ্রেস মনে করে, এসব অভিযোগের কারণে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের যোগ্য নন। পেরুর সংবিধানের একটি ধারা অনুযায়ী, প্রেসিডেন্টকে ‘নৈতিকভাবে অক্ষম’ ঘোষণা করে কংগ্রেস তাকে অপসারণ করতে পারে। এই ধারার অপব্যবহারের ফলে গত ১০ বছরে পেরুতে ৭ জন প্রেসিডেন্ট বদল হয়েছে, যার মধ্যে মাত্র দু’জন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও পেরুর অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল।

২০২৪ সালে দেশটির সরকারি ঋণ ছিল জিডিপির মাত্র ৩২%। তবে বিশেষজ্ঞদের মতে, কংগ্রেসের অতিরিক্ত ক্ষমতা বিচারব্যবস্থার স্বাধীনতার জন্য হুমকি হয়ে উঠছে। কংগ্রেস শিগগিরই নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট নির্বাচন করবে, যিনি জুলাই পর্যন্ত দায়িত্বে থাকবেন। আগামী ১২ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে এগিয়ে রয়েছেন ব্যবসায়ী ও সাবেক লিমার মেয়র রাফায়েল লোপেজ আলিয়াগা। এছাড়া প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন তিনবারের প্রেসিডেন্ট প্রার্থী কেইকো ফুজিমোরি।