আন্তর্জাতিক

Khaleda Zia: খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ইউনূস, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও ধোঁয়াশা

এর একদিন আগেই গত মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

Truth of Bengal: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে গেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পৌঁছলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে স্বাগত জানান এবং পরে আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার কাছে নিয়ে যান। এর একদিন আগেই গত মঙ্গলবার রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে নতুন করে বলার মতো কোনো উন্নতি হয়নি। তবে হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় বিভিন্ন রোগে আক্রান্ত খালেদার একটি সমস্যার সামান্য উন্নতি হলেও অন্যটির অবনতি ঘটছে। সঙ্গীতশিল্পী কনকচাঁপা এ দিন হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেও তাঁকে দূর থেকে আটকে দেওয়া হয়। কনকচাঁপা পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন, খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা তাঁকে জানিয়েছেন, “শুনলাম ম্যাডাম নল দিয়ে খাবার ও ওষুধ খাচ্ছেন। মাঝেমধ্যে দু-একবার চোখ মেলে তাকাচ্ছেন।”

খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তাঁর একমাত্র সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের স্বেচ্ছানির্বাসন ছেড়ে দেশে ফিরে আসার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। দলের তরফে বলা হচ্ছে, তিনি শীঘ্রই দেশে ফিরবেন। তবে সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এ দিনও জানিয়েছেন, তারেক রহমানের দেশে ফিরে আসার বিষয়ে সরকারের কাছে নতুন কোনো তথ্য নেই। তিনি জানান, ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনও নিশ্চিত করেছে যে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস চেয়ে তারেক রহমানের পক্ষ থেকে কোনো আবেদন জমা পড়েনি।

এর মধ্যেই সরকারের একটি বিজ্ঞপ্তি খালেদা অনুরাগীদের মধ্যে কিছুটা উদ্বেগ বাড়িয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ দিন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুটো পর্যন্ত শহরের বসুন্ধরা আবাসিক এলাকায় স্থাপিত হাসপাতালের পাশের মাঠে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার উঠা-নামা করবে। এই নিয়ে শহরবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

Related Articles