গাজায় লাগাতার হামলা ইজরায়েলের, নিহত ৫ সাংবাদিক
Israel attack in Gaza, 5 journalists killed
Truth Of Bengal: প্যালেস্তাইনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে একটি হাসপাতালের পাশে ইজরায়েলের বিমান হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। প্যালেস্তিনি কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এই পাঁচ সাংবাদিক প্যালেস্তাইনের আল–কুদস টুডে চ্যানেলে কাজ করতেন। নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে অবস্থিত আল–আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন তাঁরা। এ সময় তাঁদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী।
বৃহস্পতিবার সকালে আল–জাজিরার সংবাদদাতা আনাস আল-শরিফ এসব তথ্য জানান। হামলার সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, পাঁচ সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে ‘প্রেস’ লেখা। নিহত সাংবাদিকেরা হলেন, ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল–লাদাহ, ফয়সাল আবু আল–কুমসান ও আয়মান আল–জাদি।
আল–জাজিরার আনাস আল–শরিফ জানান, নিহত আয়মান আল–জাদির স্ত্রী আল–আওদা হাসপাতালে তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রী–সন্তানের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন। হামলায় পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইজরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত বছরের ৭ অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইজরায়েল। এর পর থেকে সেখানে অন্তত ১৪১ জন সাংবাদিক ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন নিউইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।






