মেক্সিকোর অস্থির পরিস্থিতিতে জরুরি নির্দেশিকা ভারতীয় দূতাবাসের
কার্টেল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেক্সিকোর বিভিন্ন প্রান্তে ব্যাপক সহিংসতা, রাস্তা অবরোধ এবং বিমান বাতিলের মতো ঘটনা ঘটছে।
Truth Of Bengal: মেক্সিকোর শক্তিশালী ড্রাগ কার্টেল নেতা নেমেসিও ওসেগুয়েরার মৃত্যুর পর দেশজুড়ে চরম অস্থিরতা ও সহিংসতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মেক্সিকোতে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বিশেষ সতর্কতা জারি করেছে ভারতীয় দূতাবাস। সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) দূতাবাসের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে ভারতীয়দের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, রবিবার মেক্সিকান সেনাদের বিশেষ অভিযানে ওসেগুয়েরা নিহত হন, যিনি মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে ছিলেন।
কার্টেল নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেক্সিকোর বিভিন্ন প্রান্তে ব্যাপক সহিংসতা, রাস্তা অবরোধ এবং বিমান বাতিলের মতো ঘটনা ঘটছে। এই উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় দূতাবাস বিশেষ করে জালিস্কো রাজ্য (পুয়ের্তো ভাল্লর্তা, চাপাল এবং গুয়াদালাজারা এলাকা), তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো এবং নুয়েভো লিওন রাজ্যে অবস্থানরত ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তাঁরা অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলেন এবং ভিড় এলাকা বা যেখানে আইন প্রয়োগকারী সংস্থার তৎপরতা চলছে, সেখান থেকে দূরে থাকেন।
Dear all Indian nationals in Mexico:
There are ongoing security operations and related road blockages and criminal activity, Indian nationals in Jalisco State (areas of Puerto Vallarta, Chapala, and Guadalajara), Tamaulipas State (areas of Reynosa and other municipalities),…
— India in México (@IndEmbMexico) February 22, 2026
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ভারতীয় নাগরিকরা যেন স্থানীয় প্রশাসনের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলেন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় হেল্পলাইন ৯১১ নম্বরে যোগাযোগ করেন। পাশাপাশি তাঁরা যেন নিজেদের অবস্থান ও সুস্থতার খবর ফোন, মেসেজ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিবার ও বন্ধুদের জানিয়ে রাখেন। ভারতীয়দের সহায়তার জন্য দূতাবাস একটি বিশেষ হেল্পলাইন নম্বরও (+৫২ ৫৫ ৪৮৪৭ ৭৫৩৯) চালু করেছে। পরিস্থিতির ওপর নজর রাখতে এবং সর্বশেষ তথ্য জানতে নাগরিকদের স্থানীয় সংবাদমাধ্যমের দিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে।






