Elon Musk: বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলক পার করলেন এলন মাস্ক
মাসখানেক আগে অবশ্য কয়েকঘণ্টার জন্য বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা মাস্কের হাতছাড়া হয়ে যায়।
Truth of Bengal: আবারও ধনকুবেরদের তালিকার শীর্ষে উঠে এলেন টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। সেইসঙ্গে বিশ্বের প্রথম মানুষ হিসাবে ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হয়েছিলেন। এবার ৫০০ বিলিয়ন ডলার পেরিয়ে গেল তাঁর সম্পদের মূল্য।ব্লুমবার্গ ও ফোর্বসের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বুধবার মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫০০.১ বিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ লক্ষ কোটি টাকা। এ যাবৎ পৃথিবীর ইতিহাসে কোনও ব্যক্তির সম্পদ এত উচ্চতায় পৌঁছায়নি (Elon Musk)।
মাসখানেক আগে অবশ্য কয়েকঘণ্টার জন্য বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা মাস্কের হাতছাড়া হয়ে যায়। ওরাক্যালের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন তাঁকে টপকে প্রথম স্থানে উঠে এসেছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই নিজের আসন ফিরে পান মাস্ক। বর্তমানে ফোর্বস বিলিয়নিয়ার র্যাঙ্কিং অনুযায়ী, মাস্কের সম্পদ যেখানে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি, সেখানে ল্যারি এলিসনের সম্পদের পরিমাণ প্রায় ৩৫১.৫ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, মাস্কের সম্পদ বৃদ্ধির প্রধান কারণ টেসলার শেয়ার বাজারে বিপুল উত্থান। চলতি বছরে টেসলার শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ (Elon Musk)।
এর মধ্যে বুধবার একদিনেই ৪ শতাংশেরও বেশি বৃদ্ধি ঘটে, যা মাস্কের ব্যক্তিগত সম্পদে ৭ বিলিয়ন ডলারেরও বেশি যোগ করে। শুধু টেসলা নয়, স্পেসএক্স ও তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থার মূল্যবৃদ্ধিও সম্পদের এই রেকর্ডে বড় ভূমিকা রেখেছে।টেসলার বোর্ড সম্প্রতি মাস্ককে কোম্পানির ভবিষ্যতের জন্য অপরিহার্য ঘোষণা করে ১ ট্রিলিয়ন ডলারের বিশাল ক্ষতিপূরণ প্যাকেজও ঘোষণা করেছে।আর্থিক বিশেষজ্ঞদের অনুমান, বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৩৩ সালের মধ্যেই এলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসাবে ১০০০ বিলিয়ন ডলারের সম্পদ অর্জন করতে পারেন (Elon Musk)।






