ছিল ১ লক্ষ, বেড়ে হল ১,২৪,০০০ টাকা, সাংসদদের মাসিক বেতন বৃদ্ধি ২৪ হাজার
Was 1 lakh, increased to 1,24,000 taka, monthly salary of MPs increased by 24 thousand
Truth Of Bengal: ২৪ হাজার টাকা বেতন বাড়ল সাংসদদের। সেই সঙ্গে বাড়ল পেনশন ও দৈনিক ভাতা। সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সাংসদদের বেতন ২৪ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে।
উল্লেখ্য, প্রায় সাত বছর পর সাংসদদের বেতন বাড়ানো হল। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির জেরে বেকায়দায় আমজনতা। তার বাইরে নন সাংসদরাও। তাই মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংসদদের বেতন বৃদ্ধি করা হবে বলে ২০১৮ সালে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। তবে এতদিন তা কার্যকর করা হয়নি। এবার সেই সিদ্ধান্ত অনুযায়ী বেতন বৃদ্ধি করা হল সাংসদের।
সোমবার বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এই বর্ধিত বেতন কার্যকর হবে ২০২৩ সালের ১ এপ্রিল থেকে। অর্থাৎ ওই সময় থেকে যা বর্ধিত বেতন পাওয়ার কথা, তা এরিয়ার হিসেবে দিয়ে দেওয়া হবে সাংসদদের। বেতন বেড়ে কত হল? বর্তমানে সাংসদদের মাসিক বেতন ১,০০,০০০ টাকা। সেটা বাড়িয়ে ১,২৪,০০০ করা হয়েছে।
বর্তমানে সাংসদদের দৈনিক ভাতা ২,০০০ টাকা করে। সেটা বাড়িয়ে করা হল ২,৫০০ টাকা। প্রাক্তন সাংসদদের মাসিক পেনশন ২৫,০০০ টাকা। সেটা এবার বাড়িয়ে ৩১,০০০ টাকা করা হয়েছে। প্রাক্তন সাংসদদের অতিরিক্ত পেনশনও (পাঁচ বছরের বেশি সাংসদ থাকলে যে টাকা দেওয়া হয়) বাড়ানো হয়েছে। প্রতি বছর অতিরিক্ত পেনশন ২,০০০ থেকে বাড়িয়ে ২,৫০০ করা হল।
এর পাশাপাশি, সাংসদরা ফোন এবং ইন্টারনেট ব্যবহারের জন্য বার্ষিক ভাতাও পান। তাঁরা নিজেদের এবং তাঁদের পরিবারের জন্য বছরে ৩৪টি বিনামূল্যে ডোমেস্টিক ফ্লাইটে ভ্রমণ এবং পেশাদার এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কোনও সময় প্রথম শ্রেণির ট্রেন ভ্রমণ উপভোগ করেন। রাস্তা ব্যবহার করার সময় তাঁরা মাইলেজ ভাতাও দাবি করতে পারেন।
সাংসদরা বার্ষিক ৫০,০০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ এবং ৪,০০০ কিলোলিটার জলের সুবিধাও ভোগ করেন। সরকার তাঁদের আবাসন এবং থাকার ব্যবস্থাও করে। পাঁচ বছরের মেয়াদে সাংসদদের নয়াদিল্লিতে ভাড়া-ছাড়া আবাসন দেওয়া হয়। তাঁরা তাঁদের সিনিয়রিটির ভিত্তিতে হস্টেল রুম, অ্যাপার্টমেন্ট বা বাংলো পেতে পারেন। যাঁরা সরকারি আবাসন ব্যবহার না করার সিদ্ধান্ত নেন তাঁরা মাসিক আবাসন ভাতা পাওয়ার যোগ্য।
সাংসদদের বেতন, ভাতা এবং পেনশন ঠিক হয় ১৯৬১ সালের আয়কর আইনের ভিত্তিতে। সাংসদদের বেতন থেকে শুরু করে পেনশন নির্দিষ্ট সময়ের ব্যবধানে বাড়ানো হয়। এর আগে ২০১৮ সালে বেতন ও পেনশন বেড়েছিল। এবার সাত বছর বাদেও আবারও জনপ্রতিনিধিদের বেতন ও পেনশন বাড়ল। এক ধাক্কায় এই বড় অঙ্কে সাংসদদের বেতন বৃদ্ধি নতুন কিছু নয়। আগের সরকারের আমলেও নিয়ম করে বেতন বাড়ানো হতো জনপ্রতিনিধিদের।
তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়েছে কোনও কোনও মহল থেকে। মূল্যবৃদ্ধির জাঁতাকলে যখন পিষে মরছে দেশের মানুষ, তখন তাঁদের সুরাহার জন্য কোনও পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না কেন্দ্রের সরকারকে। বদলে এক ধাক্কায় সাংসদদের মাসে ২৪ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হল। যার যৌতিকতা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহল থেকে।
লিফট
মাসিক বেতন ১,০০,০০০ টাকা বেড়ে হল ১,২৪,০০০ টাকা
দৈনিক ভাতা ২,০০০ টাকা ঠেকে বেড়ে ২,৫০০ টাকা
প্রাক্তনদের মাসিক পেনশন ২৫,০০০ থেকে বেড়ে ৩১,০০০
প্রতি বছর অতিরিক্ত পেনশন ২,০০০ থেকে বেড়ে ২,৫০০






