Vaishno Devi Yatra: ১৯ দিন পর খুলছে বৈষ্ণোদেবী মন্দিরের পথ, জারি নতুন নির্দেশিকা
সবকিছু ঠিকঠাক হওয়ায় অনুকূল আবহাওয়া থাকার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর থেকে যাত্রা পুনরায় শুরু হবে।
Truth of Bengal: ত্রিকূট পাহাড়ের কোলঘেঁষে অবস্থিত পবিত্র শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দিরে আবারও শুরু হচ্ছে যাত্রা। গত ২৬ আগস্ট অর্ধকুওয়ারির কাছে ভয়াবহ ভূমিধসে ৩৪ জন তীর্থযাত্রীর মৃত্যুর পর ১৯ দিন বন্ধ থাকার পর আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ভক্তরা আবার মন্দিরে পৌঁছতে পারবেন।শ্রাইন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খারাপ আবহাওয়া ও যাত্রাপথের জরুরি মেরামতির কারণে যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। সবকিছু ঠিকঠাক হওয়ায় অনুকূল আবহাওয়া থাকার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর থেকে যাত্রা পুনরায় শুরু হবে। ইতিমধ্যেই তীর্থযাত্রীদের জন্য কিছু বিশেষ নির্দেশিকা জারি করেছে বোর্ড। বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা, নির্ধারিত পথ ব্যবহার করা এবং কর্তব্যরত কর্মীদের নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক (Vaishno Devi Yatra)।
এবার যাত্রাপথে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাহাড়ি পথে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, ভূমিধসপ্রবণ এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাতের যাত্রার জন্য বাড়ানো হয়েছে আলো এবং নিরাপত্তারক্ষীর সংখ্যা।প্রতিদিন হাজার হাজার ভক্ত জম্মুর কাটরা শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে মন্দিরে পৌঁছান। দুর্ঘটনার কারণে ভক্তদের মধ্যে ভয় তৈরি হলেও যাত্রা পুনরায় শুরু হওয়ার ঘোষণায় তাঁদের মধ্যে আশার আলো জেগেছে। এবার তাঁদের প্রত্যাশা—নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হবে এবং যাত্রা নির্বিঘ্ন হবে (Vaishno Devi Yatra)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
উল্লেখ্য, ৩৪ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনার পরভূমিধসের পরপরই লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ২৯ আগস্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত প্রধান সচিব শালীন কাবরা, জম্মুর আইজি ভীম সেন তুতি এবং বিভাগীয় কমিশনার রমেশ কুমার এই কমিটিতে ছিলেন। তাঁদের দায়িত্ব ছিল দুর্ঘটনার কারণ খুঁজে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়া। তবে এখনও রিপোর্ট প্রকাশ না হওয়ায় সমালোচনার মুখে পড়েছে প্রশাসন।এর আগে ২০২২ সালের ১ জানুয়ারি বৈষ্ণোদেবী মন্দিরে পদদলিত হয়ে ১২ জন তীর্থযাত্রীর মৃত্যুর ঘটনায় একইভাবে তদন্ত কমিটি গঠন করা হলেও তার রিপোর্ট প্রকাশ পায়নি। সমাজকর্মী ও আইনি বিশেষজ্ঞরা প্রশাসনের এই মনোভাবের তীব্র সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, তদন্তের নামে কমিটি গঠন করলেও রিপোর্ট গোপন রাখার সংস্কৃতি চলমান (Vaishno Devi Yatra)।






