সপ্তমীর দিনেই গগনযানের প্রথম ধাপে সাফল্য, TV-D1 ফ্লাইটের সফল উৎক্ষেপণ করল ইসরোর
Gaganyaan Mission 2023

The Truth of Bengal: সকালেই দেখা দিয়েছিল, কিঞ্চিৎ সমস্যা, তা কাটিয়ে সপ্তমীর দিনেই সফল উৎক্ষেপন হল TV-D1 ফ্লাইটের। শনিবার শ্রীহরিকোটা স্পেস রিসার্চ সেন্টার থেকে সকাল ১০টা নাগাদ সফল উৎক্ষেপণ করা হয়।
পূর্ব নির্ধারিত সূচি অনুসারে শনিবার সকাল ৮.৪৫ মিনিটে গগনযান মিশনের TV-D1 ফ্লাইটের উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। প্রক্রিয়া অনুসারে কাউন্ট ডাউন শুরু হয়। কিন্তু ঠিক পাঁচ সেকেন্ড আগেই, উৎক্ষেপণের প্রক্রিয়া স্থগিত করা হয়। ইসরো প্রধান এস সোমনাথ জানান, ছয় সেকেন্ড আগেই একটি ছোট্ট ত্রুটি নজরে আসে। ইঞ্জিনের ইগনিশন ঠিকঠাক দেখাচ্ছিল না, তাই সাময়িক ভাবে উৎক্ষেপনের প্রক্রিয়া বন্ধ রাখা হয়। দ্রুত সেই ত্রুটি সারিয়ে, ফের সকাল ১০টা নাগাদ গগনযানের উৎপেক্ষণ করা হয়। ইসরো সূত্রের খবর, পুরো প্রক্রিয়াটি সফল হয়েছে।
গগনযান মিশনের TV-D1 ফ্লাইটে রয়েছে দুটি মডিয়াল, ‘ক্রু মডিউল’ এবং ‘ক্রু এসকেপ মডিউল’। পরিকল্পনা অনুযায়ী, ৩ মহাকাশচারী নিয়ে ক্রু মডিউল যাতে সমুদ্রেও নেমে পড়তে পারে, এটি ছিল তারই মহড়া। গগনযান মিশনের সফল উৎক্ষেপণের পর ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছে, গগনযান TV-D1 মিশনের সফল উৎক্ষেপণের কথা ঘোষণা করতে পেরে তিনি খুশি। ক্রু মডিউল নির্মাতার বিজ্ঞানীদের ধন্যবাদও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৫ সালে মূল গগনযান মিশনের পরিকল্পনা রয়েছে ইসরোর। সেই অভিযানে ৩ মহাকাশচারী যাবেন। তার আগে শুরু হয়েছে ট্রায়াল রান। এটি ছিল, তারই প্রথম ধাপ। ২০২৫ সালে ৪০০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে পাঠানো হবে মহাকাশযান, সেখানে থাকবেন তিনজন মহাকাশচারী। তিনদিন পর মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনা হবে পৃথিবীতে। তবে মানুষ পাঠানোর আগে, ব্যোমমিত্র নামে একটি হিউম্যানয়েড রোবট পাঠানো হবে মহাকাশে, তারও আগে দুটি ট্রায়াল মিশন হবে, এটি ছিল প্রথম ধাপের যান TV-D1 ফ্লাইট।





