Shubhangshu Shukla: মহাকাশ অভিযানের ইতি! ১৪ জুলাই পৃথিবীতে ফিরছেন শুভাংশুরা
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী ১৪ জুলাই (সোমবার) মহাকাশ স্টেশন থেকে ‘আনডক’ করবেন শুভাংশুরা।
Truth of Bengal: প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গিয়েছেন শুভাংশু শুক্লার। এবার তাঁর পৃথিবীতে ফেরার পালা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, আগামী ১৪ জুলাই (সোমবার) মহাকাশ স্টেশন থেকে ‘আনডক’ করবেন শুভাংশুরা। অর্থাৎ, ওই দিন মহাকাশ গবেষণাগার থেকে তাঁরা নির্ধারিত মহাকাশযানে উঠে পৃথিবীর উদ্দেশে রওনা হবেন। আনুমানিক ১৭ ঘণ্টা পরে তাঁরা পৃথিবীতে ফিরে আসবেন। এই প্রসঙ্গে নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেন, ‘ আমরা অ্যাক্সিয়ম-৪-এর অভিযানে অগ্রগতি পর্যবেক্ষণ করেছি। এখন তাঁদের পৃথিবীতে ফেরার সময়। ১৪ জুলাই আনডকের জন্য প্রস্তুতি চলছে (Shubhangshu Shukla)।’
আরও পড়ুনঃ Dr. Muhammad Yunus: মহিলা পদাধিকারীদের “স্যার” বলে ডাকা যাবে না, অন্তর্বর্তী সরকারের নতুন নিয়ম
এর আগে ইউরোপীয় মহাকাশ সংস্থা জানিয়েছিল, তাদের পোল্যান্ডের মহাকাশচারী স্লাভোস উজনানস্কি-ভিশনেভস্কি, যিনি শুভাংশু শুক্লার সহকর্মী হিসেবে অ্যাক্সিয়ম-৪ মিশনে রয়েছেন, তিনি ১৪ জুলাইয়ের পর জার্মানিতে ফিরে যাবেন। সেই অনুযায়ী শুক্লারও তার আগে পৃথিবীতে ফেরার সম্ভাবনা কম । এরপরেই নাসার তরফে জানান হয় শুভাংশুদের পৃথিবীতে আসার দিনক্ষণ। উল্লেখ্য, ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছেন শুভাংশু। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পণকারী প্রথম ভারতীয় তিনি। শুভাংশুর সঙ্গে রয়েছেন আরও তিন নভশ্চর— ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজনিউস্কি এবং টিবর কাপু (Shubhangshu Shukla)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
গত ২৫ জুন স্পেসএক্স-এর ড্রাগন মহাকাশযানে তাঁরা আইএসএস-এর উদ্দেশে যাত্রা করেন। মহাকাশে তাঁরা ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন প্রায় দুই সপ্তাহ। এই সময় তাঁরা পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় ২৫০ মাইল উপরে অবস্থান করছেন। প্রতি ৯০ মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করে আইএসএস, ফলে প্রতিদিন মহাকাশ স্টেশনে দেখা যায় ১৬ বার সূর্যোদয়। এই দুই সপ্তাহে শুভাংশুরা ২৩০ বার সূর্য উঠতে দেখেছেন এবং প্রায় ১০০ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। অ্যাক্সিয়ম স্পেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাশ থেকে তাঁরা পৃথিবীর ছবি ও ভিডিও তুলেছেন এবং প্রিয়জনদের সঙ্গে কথাও বলেছেন।






