
The Truth of Bengal: সমস্যার সূত্রপাত মঙ্গলবার থেকে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় ৩০০ জন সিনিয়র কেবিন ক্রু আচমকা নিজেদের অসুস্থতার কথা জানিয়ে ছুটি নিয়ে নেন। একইসঙ্গে নিজেদের মোবাইল ফোন পর্যন্ত বন্ধ রাখেন তারা ওইদিন। একাধিকবার স্থার কর্তৃপক্ষের তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও ফল হয়না শেষ পর্যন্ত। যার প্রভাব গিয়ে পড়ে সরাসরি বিমান পরিষেবার উপর।
বিমান কর্তৃপক্ষ প্রায় শতাধিক বিমান পরিষেবা বাতিল করতে বাধ্য হয়। যার মধ্যে অন্তর্দেশীয় উড়ান পরিষেবা যেমন বাতিল হয়, তেমনই বাতিল হয় আন্তর্জাতিক পরিষেবাও। বুধবার পর্যন্ত সেই সংখ্যা কেবল বাড়তেই থাকে। এহেন পরিস্থিতিতে ২৫ জন সিনিয়র কেবিন ক্রুকে বরখাস্ত করে দেয় সংস্থা।এই বিমান বাতিলের ঘটনায় প্রবল ক্ষুব্ধ হয়ে পড়ে বিমান যাত্রীরা। কেন্দ্রের তরফ থেকে নোটিশ পাঠানো হয় এয়ার ইন্ডিয়াকে। বিমান বাতিল হওয়ার কারণ জানতে চেয়ে চিঠি দেয় অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক।
যার জেরে চূড়ান্ত অস্বস্তিতে দেশের বৃহত্তম বিমান সংস্থা। তুমুল বিতর্কের মাঝেই নয়া মোড় নিল এই ঘটনা। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেওয়া সমস্ত কর্মীদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশিকা জারি করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। সেই সঙ্গে চাকরি চলে যাওয়া ২৫ জন কর্মীকেও পুনর্বহাল করা হয়েছে বলেই জানাল এই সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যায় লেবার কমিশনের দফতরের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে একথা।






